বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরির বয়স বিধিবহির্ভূতভাবে ৬০ থেকে ৬৫ তে উন্নীত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালকের (অর্থ ও হিসাব) স্বাক্ষরিত এক চিঠিতে এ অভিযোগ করা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আজ মঙ্গলবার দুপুর ১২টায় জরুরি সভা ডেকেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর গত ২৯ জুলাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ফ্যাক্সযোগে একটি চিঠি পাঠান। চিঠিতে বলা হয়েছে, ‘আপনার বিশ্ববিদ্যালয়ে সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরির বয়স বাড়ানো হয়েছে। সহযোগী অধ্যাপক ও অধ্যাপকদের পিএইচডি ডিগ্রির জন্য অতিরিক্ত দুই-তিনটি ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছে। এই ইনক্রিমেন্ট শিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের নির্দেশের সুস্পষ্ট লঙ্ঘন। উল্লিখিত ডিগ্রির জন্য অতিরিক্ত ইনক্রিমেন্ট শুধু প্রভাষক ও সহকারী অধ্যাপকেরা প্রাপ্য হবেন। পদোন্নতি হয়ে গেলে তাঁরা আর এই সুবিধা পাবেন না।’বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, গত ২৪ জুন কমিশনের ১২০তম সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরির বয়স বাড়ানো এবং সহযোগী অধ্যাপক ও অধ্যাপকদের এমএস/এমফিল ও পিএইচডি ডিগ্রির জন্য অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদান সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি এ বাবদ কমিশন থেকে কোনো বর্ধিত অর্থ বরাদ্দ না দেওয়ারও সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী মঞ্জুরি কমিশন থেকে পাঠানো চিঠিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে জরুরি ভিত্তিতে বয়স বৃদ্ধি ও ইনক্রিমেন্ট প্রদান বন্ধের ব্যবস্থা নিতে বলা হয়। তা ছাড়া এর আগে এ বাবদ প্রদত্ত অর্থ আদায়ের ব্যবস্থা করে চিঠি প্রদানের ১৫ কার্যদিবসের মধ্যে কমিশনকে অবহিত করার অনুরোধ জানানো হয়।মঞ্জুরি কমিশনের চিঠি পাওয়ার কথা স্বীকার করে রেজিস্ট্রার নজিবুর রহমান সাংবাদিকদের বলেন, শিক্ষকদের বয়স বৃদ্ধির বিষয়টি গত বছর বিশ্ববিদ্যালয়ের ২৮৮তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হয়। তাই কমিশনের চিঠির ব্যাপারে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রমতে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ২৬ জন শিক্ষক, চারজন কর্মকর্তা ও ছয়জন কর্মচারী বয়স বাড়ানোর সুবিধা ভোগ করছেন। মঞ্জুরি কমিশনের চিঠির ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই সব করা হয়েছে।’ তাহলে কীভাবে মঞ্জুরি কমিশন বিষয়টি বিধিবহির্ভূত বিবেচনা করেছে? এ প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অর্থ ও হিসাব) মো. তাজুল ইসলাম বলেন, বয়স বাড়ানোর বিষয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের কাছে একটি আবেদন করেছে। কিন্তু এখনো তা অনুমোদন পায়নি। অনুমোদনের আগেই কর্তৃপক্ষ বিধিবহির্ভূতভাবে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এ সুবিধা দিচ্ছে।