বিধিমালায় সুপ্রিম কোর্টকে প্রাধান্য দেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

শুনানিকালে আদালত বলেছেন, বিধিমালার প্রতিটি ধাপে সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া কিছু করা যাবে না বলা আছে। অথচ পত্রিকায় লেখা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাধান্য ক্ষুণ্ন হচ্ছে

শুনানিকালে আদালত বলেছেন, বিধিমালার প্রতিটি ধাপে সুপ্রিম কোর্টের পরামর্শ ছাড়া কিছু করা যাবে না বলা আছে। অথচ পত্রিকায় লেখা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাধান্য ক্ষুণ্ন হচ্ছে। পত্রপত্রিকায় এ নিয়ে ‘উল্টাপাল্টা’ লেখা হচ্ছে বলে আদালত মন্তব্য করেন।

বিচারকদের ওই শৃঙ্খলা বিধিমালা চূড়ান্ত করতে রাষ্ট্রপক্ষের কয়েক দফা সময় নেওয়ার পর গত ১১ ডিসেম্বর ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা-২০১৭’ নামে ওই বিধিমালার গেজেট প্রকাশ করা হয়, যা গতকাল রাষ্ট্রপক্ষ আদালতে তুলে ধরে।

শুনানির পর বিধিমালা গ্রহণ করে দেওয়া আদেশে বলা হয়, ‘২০১৬ সালের ২৮ আগস্ট এই আদালত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা তৈরি করতে নির্দেশনা দিয়েছিলেন। এই অনুসারে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে বিধিমালার গেজেট ১১ ডিসেম্বর জারি করা হয়। বিধিমালা আমরা পড়েছি, যেখানে সুপ্রিম কোর্টের প্রাইমেসি (প্রাধান্য) বজায় রাখা হয়েছে। বিধিমালা গ্রহণ করা হলো।’

শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ২০১৬ সালের ২৮ আগস্ট এই আদালতের দেওয়া আদেশে সংবিধানের ১১৬ অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমতা-সংক্রান্ত পর্যবেক্ষণ প্রত্যাহার চান। আদালত আবেদন গ্রহণ করে ওই পর্যবেক্ষণ প্রত্যাহার করে আদেশ দেন।

বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ পৃথক্‌করণ-সংক্রান্ত মামলার বাদী মাসদার হোসেনের আইনজীবী এম আমীর-উল ইসলাম শুনানিতে অংশ নিয়ে বলেন, সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ (প্রজাতন্ত্রের কর্মচারী নিয়োগ ও কর্মের শর্তাবলি) অনুযায়ী বিধিমালা করা হয়েছে। এটি কর্মবিভাগের জন্য। এই বিধিমালা চ্যালেঞ্জ করে রিভিউ আবেদন করা হবে।

আদালত বলেন, যে বিধিমালা উপস্থাপন করা হয়েছে, তা আদালতের নির্দেশনার আলোকে করা হয়েছে। বিধিমালা করলে যে পরিবর্তন করা যাবে না, তেমন নয়।

আদালত বলেন, বিধিমালার খসড়া পাঁচজন বিচারপতির সঙ্গে পরামর্শ করে করা হয়েছে। বক্তব্য থাকলে দিতে পারেন। প্রেসে অনেক কিছু যাচ্ছে। সুপ্রিমেসি (শ্রেষ্ঠত্ব) দিয়ে দিচ্ছে, ঠিক না। উল্টাপাল্টা লেখা হচ্ছে।

অ্যাটর্নি জেনারেলের বিধিমালা পড়ে শোনানোর সময় আদালত বলেন, ‘সব জায়গায় সুপ্রিম কোর্টের
 সঙ্গে পরামর্শের কথা বলা আছে। অথচ বলা হচ্ছে আমরা কিছু রাখিনি। পত্রিকায় লেখা হচ্ছে, সব দিয়ে দিচ্ছি। সব কেউ পড়েন না। না পড়ে আন্দাজে কমেন্ট করেন, পত্রিকা লিখে দেয়, দুঃখ লাগে।’

শুনানিতে ২৯ বিধির উপবিধি-২ তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, উপযুক্ত কর্তৃপক্ষের প্রস্তাব ও সুপ্রিম কোর্টের পরামর্শ অভিন্ন না হলে সে ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পরামর্শ প্রাধান্য পাবে। আদালত বলেন, ‘আমরা পাঁচজন সিনিয়র জাজ বসলাম, আমরা কি বোকা, নবিশ জাজ? পুরো সুপ্রিমেসি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টকে। যাতে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ ছাড়া মন্ত্রণালয় কিছু না করতে পারে।’

ইতিপূর্বের আদেশে থাকা পর্যবেক্ষণ প্রত্যাহার বিষয়ে পরে জানতে চাইলে নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘২০১৬ সালের আগস্টে এক আদেশে ১১৬ অনুচ্ছেদে বর্ণিতরাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে মন্তব্য করা হয়েছিল। বলেছিলাম, এটা অপ্রয়োজনীয়। কারণ, রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানের ১১৬ অনুচ্ছেদে। সে অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এঁদের (বিচারক) অপসারণ ও এঁদের বিষয়ে নানা রকম সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং আদেশ দিয়ে থাকেন। সে আদেশ রাষ্ট্রপতিই দেবেন কিন্তু প্রতিটি ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের প্রয়োজন হবে।’ তিনি বলেন, আদালত সন্তুষ্ট হয়ে বিধিমালা গ্রহণ করেছেন। এখন থেকে এটি কার্যকর হবে। মাসদার হোসেন মামলাটি কন্টিনিউয়াস মেন্টামাস (চলমান তদারকিতে)। যদি মাসদার হোসেন মামলার রায়ের পরিপ্রেক্ষিতে কোনো রকম মতদ্বৈধতা দেখা দেয় বা কোনো রকম ডেডলক (অচলাবস্থা) তৈরি হয়, সে ক্ষেত্রে আবার এই মামলায় আদালত নির্দেশ দেবেন। এ জন্য বলেছেন, ফর দ্য টাইম বিং। তবে রুলস গ্রহণের বিষয়ে টাইম বিং অ্যাপলিকেবল না। এটা নিষ্পত্তি হয়ে গেছে।

এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকেই নানা রকম কলাম লিখছেন বা টক শোতে বলছেন, সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব হয়ে গেছে। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। বিধিমালা পড়লেই বোঝা যাবে প্রতিটি ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের বিধান রাখা হয়েছে। নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে যে বিরোধ বা বিতর্ক সেটির কি অবসান ঘটল?—এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অবশ্যই।’

আইনজীবী এম আমীর-উল ইসলাম সাংবাদিকদের বলেন, বিধিমালা যেটা অ্যাটর্নি জেনারেল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছেন, সেটা সংবিধানের ১৩৩ অনুচ্ছেদ অনুযায়ী তৈরি করা হয়েছে, যাকর্মবিভাগেরজন্য প্রযোজ্য এবং মন্ত্রণালয়কে উপযুক্ত কর্তৃপক্ষ করা হয়েছে। অধস্তন আদালতের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের ক্ষমতা ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধীনে থাকা সংবিধানের নির্দেশ। এটি অমান্য করা হয়েছে।

১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। মাসদার হোসেন মামলাটি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক-সংক্রান্ত মামলা হিসেবে পরিচিত। এই মামলার রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।