বিধির অভাবে জিএসপি পুনর্বহাল নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম আইন সংশোধনের দুই বছর পরও তা বাস্তবায়নের জন্য সরকার বিধিমালা জারি করতে পারেনি। এতে শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রম আইনের গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। বিধি না হওয়ায় কারখানার সামগ্রিক উন্নয়নে বাংলাদেশে আইএলওর ‘বেটার ওয়ার্ক প্রোগ্রাম’ নামের বিশেষায়িত কর্মসূচি চালু হচ্ছে না।
শ্রম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিধিমালা চূড়ান্ত করার ব্যাপারে দাতাগোষ্ঠীকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে সরকার কয়েকবার ব্যর্থ হয়েছে। আর বিধি নিয়ে সরকারের দীর্ঘসূত্রতাকে বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো বড় করে তুলে ধরছে। অথচ রানা প্লাজা ধসের পর শ্রমিক স্বার্থ সুরক্ষা এবং কারখানার নিরাপত্তার মানোন্নয়নে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু শ্রম আইন বাস্তবায়ন না হওয়ায় শ্রমিক স্বার্থ সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা গত বুধবার প্রথম আলোকে জানান, বিধিমালা চূড়ান্ত করার জন্য ইতিমধ্যে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৩১ আগস্টের মধ্যে এটি চূড়ান্ত করার কথা থাকলেও এখনো তা হয়নি। এ মাসের মাঝামাঝি যাতে এটি করা যায়, সে চেষ্টা চলছে। কারণ এ মাসের তৃতীয় সপ্তাহে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি পুনর্বহালের আগে এ সফরকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক গত শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘জুনের তৃতীয় সপ্তাহে শ্রম মন্ত্রণালয় এটি আইন মন্ত্রণালয়ে পাঠায়। আশা করছি এ মাসের মধ্যে বিধিমালা চূড়ান্ত করা হবে।’
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনৈতিক সূত্রগুলো এ প্রতিবেদককে জানিয়েছে, রানা প্লাজা ধসের পর বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমমান নিয়ে এখনো যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তার মধ্যে শ্রম আইনের বিধিমালা জারি গুরুত্বপূর্ণ। রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পক্ষ থেকে নিরাপত্তা কমিটির প্রতিশ্রুতি দেওয়া হয়। শ্রম আইনে এই নিরাপত্তা কমিটির কথা বলা হয়েছে। কিন্তু কীভাবে তা হবে, সেটি সুস্পষ্টভাবে থাকবে বিধিতে। তেমনি শ্রমিক-মালিক সম্পর্কোন্নয়নের জন্য কারখানায় অংশগ্রহণ কমিটির কথা আইনে বলা আছে। কিন্তু কীভাবে অংশগ্রহণ কমিটি নির্বাচন করা হবে, সেটিও বিধিতে সুস্পষ্ট করা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন, রানা প্লাজা ধসের পর ২০১৩ সালের ৮ জুলাই ইইউর উদ্যোগে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মধ্যে সময়সীমাভিত্তিক কর্মসূচি সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট সই হয়। এরপর থেকে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ ও শ্রমিক স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ইউরোপের দেশগুলোকে সন্তুষ্ট করেছে। তবে বিধিমালাসহ কয়েকটি বিষয়ে অগ্রগতি না হওয়ায় যুক্তরাষ্ট্র, ইইউ এবং আইএলও এগুলো সুরাহার জন্য তাগিদ দিচ্ছে। আগামী নভেম্বরে সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের পর্যালোচনা বৈঠক হবে ঢাকায়। মার্কিন বাজারে বাংলাদেশের অবাধ বাজারসুবিধা (জিএসপি) পুনর্বহাল নিয়ে ওয়াশিংটনে নভেম্বরে বৈঠকের কথা রয়েছে। তাই এ দুই আলোচনার আগেই বিধিমালা জারি করা বাংলাদেশের জন্য জরুরি হয়ে পড়েছে।
প্রসঙ্গত, সরকার গত বছরের অক্টোবরে জেনেভায় সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের পর্যালোচনা সভায় ডিসেম্বরের মধ্যে বিধিমালা জারির প্রতিশ্রুতি দিয়েছিল। এরপর আরও ছয় মাস সময় নিয়ে ৩০ জুনের মধ্যে তা চূড়ান্ত করার কথা বলে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন-সহায়তা মন্ত্রী লিলিয়েন প্লাউমেনের মে মাসে সফরের সময় জানিয়েছিলেন যে ৩০ জুলাইয়ের মধ্যে বিধিমালা চূড়ান্ত করা হবে।
তবে আইনমন্ত্রী আনিসুল হক গত ৯ জুলাই এ প্রতিবেদককেই জানান, বিধিমালায় শুধু পোশাকশিল্পই নয়, বাংলাদেশের সব শিল্পকে নিয়ে করা হচ্ছে। তাই এ ধরনের একটি ব্যাপকতর কাজ করতে কিছুটা সময় দরকার। এটি যাতে ৩১ আগস্টের মধ্যে করা যায়, সেই চেষ্টা থাকবে।
কমপ্যাক্টের অগ্রগতি: ইইউ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ সংশোধনের মাধ্যমে শ্রমিকদের সংগঠিত হওয়ার সুযোগ, দর-কষাকষি ও কর্মপরিবেশের নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। কমপ্যাক্ট সইয়ের পর তৈরি পোশাকশিল্পে নতুন করে তিন শতাধিক ট্রেড ইউনিয়ন নিবন্ধিত হয়েছে। কমপ্যাক্ট সইয়ের আগের সময়ের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।
কারখানার নিরাপত্তার কাজটি তদারকির জন্য কারখানা পরিদর্শক পরিচালকের দপ্তরে সামর্থ্য বাড়ানো হয়েছে। এরই অংশ হিসেবে রানা প্লাজা ধসের পর ২১৮ জন নতুন পরিদর্শককে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পরিদর্শকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশের সাড়ে তিন হাজার কারখানা তৈরি পোশাক রপ্তানি করে। সরকারি ও বেসরকারি উদ্যোগের আওতায় আড়াই হাজার কারখানা পরিদর্শনের কাজ শেষ করা হয়েছে। এর মধ্যে নিরাপত্তাজনিত কারণে ৩২টি কারখানা বন্ধ করা হয়েছে।
বেটার ওয়ার্ক প্রোগ্রাম নিয়ে অনিশ্চয়তা: বিধিমালা জারি না হওয়ায় আইএলওর ‘বেটার ওয়ার্ক প্রোগ্রাম’ চালু অনিশ্চিত হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে ব্রাসেলসে অনুষ্ঠিত সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের সভায় বাংলাদেশে শ্রমের অন্যায় চর্চা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় (ইপিজেড) শ্রম আইন ও বিধিমালা জারির অঙ্গীকার করা হয়েছিল। ওই সভায় আইএলওর উপমহাপরিচালক স্যান্ড্রা পোলাস্কি উল্লেখ করেছিলেন, বিধিমালার অভাবে বাংলাদেশে ‘বেটার ওয়ার্কস প্রোগ্রাম’ চালু করা যাচ্ছে না।