টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে ডুবে থাকায় কক্সবাজারের মহেশখালী উপজেলার চালিয়াতলী-মাতারবাড়ী-ধলঘাটা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ১৮ কিলোমিটার দীর্ঘ এই সড়কের আট কিলোমিটার অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের লাখো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, বৃষ্টি, বন্যা ও জোয়ারে উপজেলার আট ইউনিয়নের ১৬৭টি গ্রামীণ সড়কের ২৮২ কিলোমিটারের মধ্যে ৫০ কিলোমিটার সড়ক ভেঙে গেছে। বিশেষ করে মাতারবাড়ী-চালিয়াতলী-ধলঘাট সড়কের ১৮ কিলোমিটারের মধ্যে আট কিলোমিটার বিধ্বস্ত হয়ে গেছে। গোরকঘাটা-শাপলাপুর এবং গোরকঘাটা-ঘটিভাঙা সড়কের চার কিলোমিটার অংশ ভেঙে গেছে।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, চালিয়াতলী-মাতারবাড়ী সড়কের মাঝখানের প্রায় এক কিলোমিটার সড়কে গাড়ি তো দূরের কথা, হেঁটে চলাচল করাও প্রায় দুরূহ হয়ে পড়েছে। মাতারবাড়ী-ধলঘাট সড়কের অবস্থা আরও করুণ। এই সড়কের প্রায় সাড়ে সাত কিলোমিটার সড়ক ভেঙে সাগরে বিলীন হয়ে গেছে।
মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হায়দার জানান, মানুষের ভোগান্তি কমাতে জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করা প্রয়োজন।
অটোরিকশাচালক নুরুল কাদের বলেন, ‘চালিয়াতলী-মাতারবাড়ী সড়কে গাড়ি চালিয়ে কোনোরকম সংসার চালাচ্ছি। কিন্তু জোয়ারের কবলে পড়ে সড়কটি লন্ডভন্ড হয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এতে এই সড়কে চলাচল করা ১০০ জন চালক বেকার হয়ে পড়েছেন।’
মাতারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ভাঙা সড়কের কারণে জনগণের ভোগান্তির পাশাপাশি এলাকার উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সহকারী প্রকৌশলী গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস বলেন, ভাঙা সড়ক সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, মানুষের যাতায়াতের সুবিধার জন্য সড়কটি দ্রুত মেরামত করতে উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে।