বিধ্বস্ত সড়ক, আটকে যাচ্ছে যান
গাইবান্ধা-সাঘাটা-জুমারবাড়ী সড়কের ডাকবাংলা থেকে জুমারবাড়ী পর্যন্ত মাত্র পাঁচ কিলোমিটার অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই অংশে অন্তত ১৫টি স্থানে ইট, খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এসব স্থানে দুই ধারে মাটি ধসে গেছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা থেকে সাঘাটা উপজেলার ডাকবাংলা পর্যন্ত ৩৫ কিলোমিটার সড়ক ও জনপথ (সওজ) ও ডাকবাংলা থেকে জুমারবাড়ী পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায়। পরের অংশের পুরোটার দশাই বেহাল। বিশেষ করে, ডাকবাংলা, পবনতাইর, খেয়াঘাট, আমদিরপাড়া ও জুমারবাড়ীতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সাঘাটা উপজেলার আমদিরপাড়া গ্রামের স্কুলশিক্ষক রাশিদুল ইসলাম বলেন, সড়কটি সাঘাটা উপজেলার প্রায় দুই লাখ মানুষের জেলা শহরে যাতায়াতের একমাত্র পথ। কিন্তু সংস্কারের অভাবে অসংখ্য স্থানে সড়কের দুইধারে মাটি ধসে গর্তের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থানে যানবাহন আটকে যাচ্ছে। দীর্ঘসময় অপেক্ষার পর পথচারীদের সহায়তায় সেসব যানবাহন পারাপার করে দেওয়া হচ্ছে। একই উপজেলার পবনতাইর গ্রামের কৃষক কাশেম মিয়া (৪৫) বলেন, ‘এমপি, চেরমেনের ব্যাটারা ফাঁকি দিয়া ভোট ন্যায়। ভোটোত জিতি হামারঘরে আস্তা পাকা করে না। এব্যারকা আস্তা পাকা করি না দিলে ভোট দিব্যার নই।’ ক্ষুদ্র ব্যবসায়ী জয়নাল আবেদীন (৫০) বলেন, ব্যবসায়িক কারণে প্রতিদিন জেলা শহরে যেতে হয়। কিন্তু বিধ্বস্ত সড়কে যাতায়াতের ইচ্ছা হয় না। জুমারবাড়ী গ্রামের কলেজ ছাত্র রাকিব হাসান বলেন, এমনিতেই সড়কটি বিধ্বস্ত। উপরন্তু সরু হওয়ায় দুটো রিকশা একসঙ্গে ওভারটেক করতে পারছে না। সপ্তাহের মঙ্গল ও শনিবার জুমারবাড়ীতে হাট বসে। এই দুই দিন সড়কটিতে লোকজন ও যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হচ্ছে। প্রায়ই যানবাহন উল্টে যাচ্ছে। ফলে পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করতে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত সময় লাগছে। জুমারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগে বহুবার আবেদন জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম বলেন, সড়কের বিধ্বস্ত অংশ মেরামতে প্রকল্প তৈরির জন্য সাঘাটা উপজেলা প্রকৌশলীকে বলা হয়েছে। প্রকল্প তৈরির কাজ শেষ হলে সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হবে। মাটি ভরাটসহ এতে প্রায় তিন কোটি টাকা ব্যয় হবে।