বিধ্বস্ত সড়কে ঝুঁকি নিয়ে চলাচল

কোথাও পিচ উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও ভাঙাচোরা বা ফাটল। দীর্ঘদিন সংস্কার না করায় এ করুণ অবস্থা হয়েছে কুমিল্লা-নোয়াখালী ও কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের। বৃষ্টি হলেই কাদাপানিতে একাকার হয়ে যায় এসব সড়কের বিভিন্ন স্থান। এতে এ দুই সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, সওজের কুমিল্লার লালমাই থেকে নোয়াখালীর মাইজদী পর্যন্ত ৩৩ কিলোমিটার ও কুমিল্লা থেকে চাঁদপুর পর্যন্ত ৩২ কিলোমিটার সড়ক আছে। সওজ গত কয়েক বছরে গুরুত্বপূর্ণ ওই দুই আঞ্চলিক মহাসড়ক সংস্কারের উদ্যোগ নেয়নি। গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এই প্রতিবেদক ঘুরে দেখেন উভয় মহাসড়কের বর্তমান অবস্থা। কুমিল্লা নগরের টমছমব্রীজ এলাকার আধা কিলোমিটারজুড়ে সড়কে ফটল ধরেছে। পদুয়ার বাজার শাহিন স্টোরের সামনে গর্তের ভেতর ইট ফেলা হয়েছে। সেখানকার পুরো সড়কই এবড়োখেবড়ো।
পদুয়ার বাজার থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত দুই পাশের সড়কই ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। বিশ্বরোড পার হয়ে নোয়াখালী ও চাঁদপুর সড়কের মুখে বিশাল গর্ত। বিশ্বরোডের রসনাবিলাস ও নোমান কমপ্লেক্সের সামনে ইটের টুকরা ফেলা হয়েছে। তার পরও ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। শ্রীমন্তপুর ঈদগাহ ও মাদ্রাসার সামনে বিশাল গর্ত। একই অবস্থা মিস্ত্রি পুকুরপার এলাকায়। উত্তর রামপুরে রাস্তা দেবে গেছে। হাজী আবদুর রহমান ফিলিং স্টেশনের সামনে গর্ত। ওই গর্তে পানি জমে একাকার।
চাঁদপুর জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কার্পেটিং উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। মহাসড়কের শ্রীনিবাস এলাকায় সড়ক দেবে গেছে। বিজয়পুর সেতুর উত্তর পাশে গর্ত তৈরি হয়েছে। বিজয়পুর জেলখানাবাড়ির সামনে সড়কে ফাটল ধরেছে। বিজয়পুর উত্তর বাজার এলাকায় খানাখন্দে পানি জমেছে।
লালমাই দক্ষিণ বাজার থেকে দত্তপুর পর্যন্ত পুরো সড়কেই ফাটল তৈরি হয়েছে। দত্তপুর মসজিদের সামনে ও আবুল কালাম মজুমদার মহিলা কলেজ এলাকায় সড়কে পানি জমে কর্দমাক্ত হয়ে আছে। বাগমারা উত্তর বাজারের সামনে বড় গর্ত তৈরি হয়েছে। ওই স্থান দিয়ে বাস চলছে হেলেদুলে। বাগমারা বাজারে সড়কের মধ্যে গর্ত। এর মধ্যে পানি ও কাদা জমে পথ চলাই দায় হয়ে পড়েছে।
কুমিল্লা–চাঁদপুর সড়কেও একই অবস্থা। সেখানকার বেশির ভাগ অংশেই ফাটল ধরেছে। তৈরি হয়েছে ছোট ছোট গর্ত। বাংলাদেশ বেতার লালমাই কার্যালয়ের সামনে সড়কে ফাটল তৈরি হয়েছে। এ ছাড়া মুদাফফরগঞ্জ, পূর্ব নলুয়া ও খাজুরিয়া এলাকায় সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চালান সুমন দাস। তিনি বলেন, ‘এ সড়ক দিয়ে জীবন বাজি রেখে গাড়ি চালাই। গত কয়েক বছরে সড়কের কোনো উন্নয়ন হয়নি।’ বরুড়ার বলাকা পরিবহনের বাসচালক কামাল উদ্দিন বলেন, ঝুঁকি নিয়ে আশ্রাফপুর বাস টার্মিনাল থেকে লালমাই পর্যন্ত যেতে হয়। আঞ্চলিক মহাসড়কের এখানকার অংশের খুবই খারাপ অবস্থা।
সওজ কুমিল্লা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রহিম বলেন, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। ওই মহাসড়কের লালমাই থেকে টমছমব্রীজ পর্যন্ত চার কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার এলাকার সংস্কারকাজ শুরু হয়েছে। পাঁচ বছর আগে এ সড়কের উন্নয়নকাজ হয়েছিল। কিন্তু সরেজমিনে সড়কের অবস্থা আগের মতোই দেখা গেছে বলা হলে তিনি বলেন, আস্তে আস্তে কাজ হচ্ছে। অন্যদিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উন্নয়নকাজ হচ্ছে না। তিন বছর আগে এ সড়কে কাজ হয়েছিল। এর বেহাল দশার কথা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।