বিধ্বস্ত সড়কের কাজ তিন বছরেও শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোয়ালন্দ–ফরিদপুর–তারাইল সড়কের ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুরে কোনো কাজ করেননি ঠিকাদার। সওজের কর্মীরা গত শনিবার সেখানে ইট, বালু ফেলে গর্ত ভরাটের চেষ্টা করেন। ওই দিনই একটি যানবাহন আটকে যায় l ছবি: প্রথম আলো
গোয়ালন্দ–ফরিদপুর–তারাইল সড়কের ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুরে কোনো কাজ করেননি ঠিকাদার। সওজের কর্মীরা গত শনিবার সেখানে ইট, বালু ফেলে গর্ত ভরাটের চেষ্টা করেন। ওই দিনই একটি যানবাহন আটকে যায় l ছবি: প্রথম আলো

গোয়ালন্দ-ফরিদপুর-তারাইল সড়কের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা অংশের ছয় কিলোমিটারজুড়েই ভাঙা, খানাখন্দে ভরা। সড়কের কোথাও অর্ধেকের বেশি জায়গা ধসে সরু হয়ে গেছে। এ কারণে প্রায়ই সেখানে যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে।
বিধ্বস্ত ওই সড়কের কাজ ২০১২ সালে শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার গোয়ালন্দ অংশে কোনো কাজই করেননি। অর্থাভাবে তাঁরা আর কাজ করবেন না বলে তিন-চার মাস আগে সড়ক ও জনপথ অধিদপ্তরকে (সওজ) চিঠি দিয়েছেন।
সওজ ও স্থানীয় সূত্র জানায়, ২০০৬-০৭ সালে গোয়ালন্দ-ফরিদপুর-গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তারাইল পর্যন্ত সড়কে সিলকোটের কাজ করা হয়। এরপর আর সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থান ভেঙে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে গোয়ালন্দ-ফরিদপুরে প্রতিদিন শত শত মহেন্দ্র, অটোরিকশা, ট্রাক, টেম্পো, মাইক্রোবাসসহ নানা যানবাহন চলাচল করছে।
২০১০-১১ সালে সড়কটির গোয়ালন্দের জমিদার ব্রিজ থেকে ফরিদপুরের হাট গজারিয়া পর্যন্ত ২৯ কিলোমিটারের দুই পাশ প্রশস্ত, পাশে মাটি ফেলা ও কার্পেটিং করার কাজ করতে ৩১ কোটি ২৫ লাখ ৭১ হাজার ১৯৩ টাকার দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় ফরিদপুরের মেসার্স ওয়াহিদ মিয়া (জেভি)। ২০১১ সালের ১০ মে কাজ শুরু হয়ে ২০১২ সালের ১০ নভেম্বরের মধ্যে শেষ করার কথা। ফরিদপুর অংশে কিছু কাজ করার পর কয়েক দফা সময় বাড়ালেও গোয়ালন্দের ছয় কিলোমিটার অংশে কোনো কাজ হয়নি। এ অবস্থায় ঠিকাদার তিন-চার মাস আগে সওজ গোপালগঞ্জ অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে চিঠি দিয়ে জানান, তিনি আর কাজ করতে পারবেন না।
এ ব্যাপারে ঠিকাদার ওয়াহিদ মিয়ার মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর অংশীদার খলিফা কামাল বলেন, ‘এ পর্যন্ত প্রায় ১৬ কোটি টাকার কাজ করা হয়েছে। অথচ কয়েক বছর ঘুরে ১৩ কোটি টাকা বিল পেয়েছি। সওজের তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকায় আমাদের ঠিকমতো বিল দিতে পারেনি। অথচ প্রতিবছরই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এসব কারণে আমরা আর কাজ করতে পারব না বলে কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছি।’
সরেজমিনে দেখা গেছে, গোয়ালন্দের মৈজদ্দিন মোল্লার পাড়া, পাশের ঈশান গোপালপুর মীরপাড়ায় সিলকোট উঠে গেছে। রাস্তা ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে।
মীরপাড়ার বাসিন্দা সোবহান শেখ বলেন, তাঁর বাড়ির সামনের রাস্তার অর্ধেকের বেশি অংশ ভেঙে গেছে। এক মাসে অন্তত চারটি ট্রাক উল্টে খাদে পড়ে গেছে। তিনি দুই দফায় ছয় হাজার টাকা খরচ করে বালুর বস্তা ফেলে যানবাহন চলাচলের উপযোগী করেছেন।
একই এলাকার হনুফা বেগম বলেন, ‘প্রায় দিন ঢাবুস-ডুবুস কইরা গাড়িগোড়া পইড়া যায়। পরে আমরাই তাদের উদ্ধার কইরা সেবা করি।’
উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম বলেন, ‘সড়কটি দ্রুত মেরামত না করলে যেকোনো সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছি।’
সড়কের তদারকি কর্মকর্তা সওজের ফরিদপুরের উপসহকারী প্রকৌশলী মুন্সী মাসুদুর রহমান বলেন, মেসার্স ওয়াহিদ মিয়া (জেভি) ফরিদপুর অংশে প্রায় ৫০ শতাংশ কাজ শেষ করেছে। ঠিকাদার কাজ করতে অপারগতা জানানোয় বর্তমানে কাজ বন্ধ রয়েছে।