বিধ্বস্ত সড়কের পাশে ঝুঁকি নিয়ে বসবাস
‘এই সড়ক দিয়্যা যতবার গাড়ি যায়, ততবারই ভয়ে বুক কাঁপে। মনে হয়, এই বুঝি গাড়ি উল্টায়া আমাগরে ঘরে আইস্যা পড়ল। রাত্তিরে তো এই ভয়ে আমাগরে ঘুমই ধরে না।’ কথাগুলো বলছিলেন পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামের মনোয়ারা খাতুন (৩২)। মোহনগঞ্জ-নাকালিয়া সড়কের পাশে তাঁর বাড়ি। তবে শুধু মনোয়ারা নন, মোহনগঞ্জ-নাকালিয়া সড়কের পাশে বাস করা প্রতিটি পরিবার এখন আতঙ্কিত। এই আতঙ্কের কারণ বিধ্বস্ত হয়ে পড়া মোহনগঞ্জ-নাকালিয়া সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী এ সড়কটি রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সড়কে সৃষ্টি হওয়া বড় বড় গর্তে প্রায়ই ট্রাকসহ বিভিন্ন যানবাহন উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটছে। উল্টে যাওয়া যানবাহন কখনো কখনো সড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী বসতবাড়ির ওপর গিয়েও পড়ছে। বছর খানেক আগে গভীর রাতে মালবোঝাই একটি ট্রাক এভাবে উল্টে সড়কের পাশের একটি ঘরের ওপর পড়লে ঘুমন্ত অবস্থায় মারা যান আনিস নামের এক যুবক। এ ছাড়া গত দুই বছরে একের পর এক দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বন্যানিয়ন্ত্রণ বাঁধের ডাকবাংলো থেকে মোহনগঞ্জ হয়ে নাটিয়াবাড়ী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার অংশ ১৫ বছরেরও বেশি সময় ধরে বেড়া উপজেলার প্রধান অভ্যন্তরীণ সড়ক হিসেবে ব্যবহূত হচ্ছে। সড়কের দুই পাশে নদীভাঙনে নিঃস্ব কয়েক হাজার পরিবার ঘরবাড়ি গড়ে তুলে বসবাস করছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গোটা সড়কটিই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এর মধ্যে মোহনগঞ্জ থেকে নাকালিয়া পর্যন্ত অংশে অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় ও ভেঙেচুরে একাকার হওয়ায় তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারপরও ঝুঁকি নিয়ে এই অংশ দিয়ে যানবাহন চলছে। সড়কটি সংস্কার না করায় যাত্রীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি ঝুঁকিতে রয়েছেন সড়কটির দুই পাশে বাস করা অসংখ্য মানুষ। নতুন পেঁচাকোলা গ্রামের মমতা খাতুন (৪৫) বলেন, ‘ভাঙা সড়ক দিয়্যা ট্রাকসহ বড় গাড়ি যাওয়ার সময় আমাগরে প্রতিটি ঘরই চরম কাঁপে। তখন মনে হয়, এই বুঝি গাড়িখান ঘরে আইস্যা পড়ল। আসলে আমাগরে যাওয়ার জায়গা নাই দেইখ্যা মৃত্যুভয় নিয়্যাও আমরা এ জায়গায় আছি।’ করিমনচালক বাবু মিয়া বলেন, ‘এই সড়কে কয়েক মাসে তিন-চারবার উল্টানি খাইছি। এইখান দিয়্যা চরম ভয় নিয়্যা আসা-যাওয়া করা লাগে।’ হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ প্রামাণিক বলেন, ‘সড়কটির জন্য এলাকাবাসীর দুর্ভোগের সীমা নেই। উপজেলা পরিষদের প্রতিটি মাসিক সভায় ও এলজিইডির কাছে মেরামতের কথা বলতে বলতে হয়রান হয়ে গেছি।’ এলজিইডির বেড়া কার্যালয়ের প্রকৌশলী রাজু আহমেদ বলেন, সড়কটির মেরামতের বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। খুব শিগগিরই মেরামতের কাজ শুরু হবে।