বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল শনিবার জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র্যা লি, আলোচনা সভা ও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: শোক র্যা লি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে। প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নগরের লক্ষ্মীপুরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বালন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পরে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। সকালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীমসহ দলের নেতা-কর্মীরা।
রংপুর: সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোক র্যা লি বের হয়ে নগরের জাহাজ কোম্পানী মোড় হয়ে পুনরায় শহীদ মিনারে শেষ হয়। সকাল সাড়ে ১০টায় রংপুর টাউন হলে আলোচনা সভায় জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত।
বরিশাল: সকাল আটটায় অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধু ও কৃষক নেতা শহীদ আবদুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এখানে জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক সাংসদ তালুকদার মো. ইউনুস, মহানগরের পক্ষে সাংসদ জেবুন্নেছা আফরোজ।