বিনম্র শ্রদ্ধায় জাতীয় শোক দিবস পালন
শোক র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নড়াইল: সকাল আটটায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামের সামনে জেলা আওয়ামী লীগের কার্যালয় চত্বর থেকে বের হয় শোক র্যালি। এটি শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস প্রমুখ।
ফরিদপুর: গতকাল সকাল সাড়ে সাতটার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করে রাখা হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোক র্যালি বের করা হয়। অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকেও একটি শোকর্যলি বের হয়। র্যলিটি দুটি অম্বিকা ময়দানে গিয়ে শেষ হয়। পরে সেখানে নির্মিত অস্থায়ী মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
দুপুরে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় আলোচনা সভার আয়োজন করে। শহরের নদী গবেষণা ইনস্টিটিউটের সামনে গাছ রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
চুয়াডাঙ্গা: জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকাল সাড়ে নয়টায় শোক র্যালি বের হয়। এরপর শ্রীমন্ত টাউন হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং আলোচনা সভা হয়। জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার।
পটুয়াখালী: জেলা প্রশাসনের উদ্যোগে সকালে সার্কিট হাউসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহরে শোক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমীতে শেষ হয়। এরপর মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।
এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শোক র্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, দুস্থদের মধ্যে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
রাজবাড়ী: দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করে জেলা আওয়ামী লীগ। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পর আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী। আলোচনা শেষে একটি শোক র্যালি বের করা হয়।
সাতক্ষীরা: জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকালে শোক র্যালি বের হয়ে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
খুলনা: জেলা প্রশাসন সকালে নগরের নিউমার্কেট চত্বর থেকে শোক র্যালি বের করে। এরপর খুলনা বাংলাদেশ বেতার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। পরে শিশু একাডেমীতে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং যুবঋণ বিতরণ করা হয়। খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে নগর ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঝিনাইদহ: সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহরে শোক র্যালি বের করা হয়। সকাল সাড়ে নয়টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এর আগে জেলা আওয়ামী লীগ শহরে শোক র্যালি বের করে। এ ছাড়া প্রশাসনের পক্ষ থেকে কারাগার, এতিমখানাসহ বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
কুষ্টিয়া: জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন শহরের মজমপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শহরের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোক র্যালি বের হয়। জেলা আওয়ামী লীগসহ দলের অঙ্গসংগঠনও আলাদাভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয় এবং শোক র্যালি করে। দিনব্যাপী জেলা প্রশাসন ও আওয়ামী লীগ মিলাদ মাহফিল ও আলোচনা সভা করে।
মঠবাড়িয়া (পিরোজপুর): পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে সকালেবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল, জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন। পরে শোক র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। দিনটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন করা হয়।
বাগেরহাট: সকাল সাড়ে নয়টায় বাগেরহাট স্বাধীনতা উদ্যান থেকে জেলা প্রশাসন আয়োজিত শোক র্যািল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মোজাম্মেল হোসেন, সাংসদ মীর শওকাত আলী, সংরক্ষিত মহিলা সাংসদ হ্যাপি বড়াল, বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার নিজামুল হক মোল্যাসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, স্বাধীনতা উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বঙ্গবন্ধুর জীবনীর ওপর ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু ও আমাদের বঙ্গবন্ধু’ প্রামাণ্যচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক রচনা প্রতিযোগিতা।
ইসলামী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন উপাচার্য আবদুল হাকিম সরকার। আর কালো পতাকা উত্তোলন করেন সহ–উপাচার্য শাহিনুর রহমান। এরপর এক মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্যের নেতৃত্বে শোক র্যালি বের হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল মসজিদ ও বেলা ১১টায় সাদ্দাম হল মসজিদে ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল হয়। এরপর প্রেসক্লাবের উদ্যোগে টিএসসিসিতে আলোচনা সভা হয়।