বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ
বিনম্র শ্রদ্ধায় গতকাল শনিবার ময়মনসিংহ, কমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, জেলা প্রশাসন আলোচনা সভা, শোক র্যালিসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুমিল্লা: সকাল ১০টায় নগরের রামঘাট দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের ব্যানারে শোকসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন। বিকেলে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সকাল নয়টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ থেকে শোক র্যালি বের করে জেলা প্রশাসন।
ময়মনসিংহ: সকালে শহরের শিববাড়ি এলাকার আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল হয়। পরে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও নানা কর্মসূচি পালন করা হয়।মৌলভীবাজার: সকালে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে সাইফুর রহমান মিলনায়তনে আলোচনা সভা হয়।
টাঙ্গাইল: সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শোক র্যালি বের করা হয়।
হবিগঞ্জ: সকাল আটটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠান শুরু হয়। সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের আয়োজনে শোক র্যালি বের করা হয়।
নেত্রকোনা: সকাল নয়টার দিকে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান শহরের মোক্তারপাড়া মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
জামালপুর: সকাল সাতটায় জেলা আওয়ামী লীগ দয়াময়ী বৈশাখী মেলা মাঠের মুক্তমঞ্চের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল আটটায় প্রশাসনের উদ্যোগে শোক র্যালি বের করা হয়।
শেরপুর: সকাল নয়টায় শেরপুর কালেক্টরেট প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন হুইপ মো. আতিউর রহমান। পরে কালেক্টরেট ভবন থেকে শোক র্যালি বের করা হয়।
কিশোরগঞ্জ: ভোরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি বের করা হয়।