বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবসে গতকাল বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে শহীদ পরিবারের সব সদস্যের সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা l ছবি: বাসস
জাতীয় শোক দিবসে গতকাল বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে শহীদ পরিবারের সব সদস্যের সমাধিতে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা l ছবি: বাসস

রাজধানীর পথে পথে কালো পতাকা। বজ্রনির্ঘোষ কণ্ঠে সেই অবিস্মরণীয় ভাষণ, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। এর সঙ্গে দেশাত্মবোধক গান অবিরাম বেজেছে সারা দিন। শ্রদ্ধার ফুলে ফুলে তাঁর প্রতিকৃতি ঢেকে দিয়েছেন অগণিত মানুষ। তিনি না থেকেও ৫৬ হাজার বর্গমাইলজুড়ে কাল তিনিই ছিলেন গণমানুষের মধ্যমণি হয়ে। যেমন ছিলেন তিনি তাঁর জীবদ্দশায়।
গভীর শোক, বিনম্র শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় জাতি গতকাল শনিবার স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে। একই সঙ্গে যথাযথ মর্যাদা এবং ভাবগম্ভীর পরিবেশে সারা দেশে পালিত হয়েছে তাঁর ৪০তম শাহাদত- বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
বঙ্গবন্ধুকে কোনো দলের গণ্ডিতে না রেখে সর্বজনীন করার প্রত্যয় ধ্বনিত হয়েছে এবারের শোক দিবসে। নানা মত-পথ ও শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন স্বাধীনতার মহানায়ককে। প্রতিবারের মতো এবারও বঙ্গবন্ধুর ঘাতকদের ফিরিয়ে এনে হত্যার রায় কার্যকরের দাবি উঠেছে।
কাল সারা দেশের পরিবেশটাই গিয়েছিল বদলে। পাড়া-মহল্লায়, পথের মোড়ে মোড়ে শামিয়ানা টানিয়ে করা হয়েছিল গরিব–দুঃখীদের মধ্যে খাদ্য বিতরণের ব্যবস্থা। আরও ছিল স্বেচ্ছায় রক্তদান, শোক মিছিল, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, কোরআনখানি, মিলাদ মাহফিল, বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসূচি।
ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মানুষের ঢল নেমেছিল সকাল থেকেই। বিনম্র শ্রদ্ধায় তাঁরা ফুলে ফুলে ঢেকে দেন প্রিয় নেতার প্রতিকৃতি।
উদয়ন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী অর্পাকে পাওয়া গেল ধানমন্ডি লেকের পাড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে। সে এসেছে বাবার সঙ্গে। বলল, ‘জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।’
গতকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সব সরকারি, বেসরকারি, আধা সরকারি ভবন, বিচারালয়সহ বিদেশে বাংলাদেশ দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দিনটি ছিল সরকারি ছুটি।
জাতীয় শোক দিবসে ঢাকা, টুঙ্গিপাড়াসহ সারা দেশে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল, পুষ্পস্তবক অর্পণ করা হয়। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বনানীতে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু পরিবারের অন্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ছয়টার পর রাষ্ট্রপতি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে অভ্যর্থনা জানান। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। তাঁরা কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। তাঁরা মোনাজাত করেন সেখানে। এরপর প্রধানমন্ত্রী দলীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দল এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, তিন বাহিনীর প্রধানেরা সেখানে উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে ১৫ আগস্টের কালরাতে যে সিঁড়িতে গুলিবিদ্ধ বঙ্গবন্ধু লুটিয়ে পড়ে ছিলেন, সেখানে গোলাপের পাপড়ি ছিটিয়ে দেন। পরে ওই ভবনের একটি কক্ষে বসে কিছু সময় পবিত্র কোরআন তিলাওয়াত করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী বোনকে নিয়ে বনানী কবরস্থানে যান। সেখানে মা, ভাইসহ পরিবারের অন্য সদস্যদের কবরে শ্রদ্ধা নিবেদন করে মোনাজাত করেন। দলীয় নেতারাও সেখানে ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ১৫ আগস্ট ইতিহাসের কালো দিন, কলঙ্কের দিন। ১৫ আগস্টের পুনরাবৃত্তি যেন আর না ঘটে, এ জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিরা পৃথিবীর যেখানেই থাকুক, ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
এরপর প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দেওয়ার পর মিলাদে অংশ নেন তাঁরা।
বিকেলে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে মিলাদ মাহফিলের আয়োজন করে মহিলা আওয়ামী লীগ। এতে শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যরা অংশ নেন।
এবার জাতীয় শোক দিবসে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হয়। সেখানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানসহ জ্যেষ্ঠ সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এরপর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় সর্বধর্ম প্রার্থনা সভা। সভায় পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে নির্বাচিত অংশ পাঠ করা হয়। সাংবাদিক সমাজ এই সভার আয়োজন করে।
শোক দিবস উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেলগুলো প্রচার করে বিশেষ অনুষ্ঠান। সন্ধ্যায় ঢাকাসহ সব জেলা সদরে ও চারটি পার্বত্য উপজেলায় বড় পর্দায় বঙ্গবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র দেখানো হয়।