বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মানিকগঞ্জ জেলা শহরের শহীদ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. নাজমুছ সাদাত ও পুলিশ সুপার মাহফুজুর রহমান। এরপর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল সাড়ে নয়টার দিকে জেলা শহরের সরকারি উচ্চবিদ্যালয় মাঠ (বিজয় মেলা মাঠ) থেকে শোক র‌্যালি বের করা হয়। সকাল ১০টার দিকে জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। মানিকগঞ্জ পৌর ভবনে সকাল সাড়ে ১০টায় পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলা সদরগুলোতে শোক র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে গাজীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। পরে জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে জেলা প্রশাসন ও গাজীপুর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, সিভিল সার্জন সৈয়দ মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান, শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। দুপুরে গাজীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে রাজবাড়ি রোডের জেলা কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা, পৌর এলাকা, ইউনিয়ন ও মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে শোকসভা এবং কাঙালি ভোজের আয়োজন করে আওয়ামী লীগ। শ্রীপুরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে শোক র‌্যালি, বঙ্গবন্ধুর জীবনাদর্শের ওপর আলোচনা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও গণভোজের আয়োজন করা হয়।
সকালে নারায়ণগঞ্জ নগরের ২ নম্বর রেলগেট–সংলগ্ন জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। সন্ধ্যায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টার দিকে নগরের চাষাঢ়া বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ এ কে এম সেলিম ওসমান, জেলা প্রশাসক রাব্বী মিয়া, পুলিশ সুপার মঈনুল হক প্রমুখ।
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলীয় কার্যালয়ে দোয়া ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্থানীয় সাংসদ নজরুল ইসলামের নেতৃত্বে শোক র‍্যালি বের করা হয়। পরে মাহজারুল হক মিলনায়তনে আলোচনা সভা হয়। সোনারগাঁ উপজেলায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংসদ লিয়াকত হোসেন। বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে প্রশাসন।
মুন্সিগঞ্জ শহরে সকাল নয়টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা হয়। এ ছাড়া লৌহজং ও টঙ্গিবাড়ীতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাংসদ সাগুফতা ইয়াসমিনের উদ্যোগে শোক র‌্যালি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগের অঙ্গসংগঠন, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠন। বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আবদুল ওয়াছেক মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোহার উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন। এ ছাড়া দুই উপজেলার ২২টি ওয়ার্ড ও দোহার পৌরসভাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক কর্মসূচি পালন করা হয়।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ; মানিকগঞ্জ ও গাজীপুর প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) ও বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি এবং মুন্সিগঞ্জ, শ্রীপুর (গাজীপুর) ও নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা}