বিনম্র শ্রদ্ধায় বিজয় দিবস উদ্যাপন

যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পার্ঘ্য অর্পণ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার সারা দেশে বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: রাত ১২টা ১ মিনিটে শহরের মডার্ন মোড়ের ভাস্কর্যে বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। এ ছাড়া মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। দুপুর সাড়ে ১২টায় রংপুর টাউন হলে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। সকাল আটটায় রংপুর স্টেডিয়ামে কুচকাওয়াজ হয়। সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
দিনাজপুর: রাত ১২টা ১ মিনিটে দিনাজপুর কালেক্টরেট প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, হুইপ ও সাংসদ ইকবালুর রহিম। এ ছাড়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, বিএনপি, প্রেসক্লাব, জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। সকালে গোর এ শহীদ বড় ময়দানে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এদিকে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে।
নীলফামারী: রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে শহরের চৌরঙ্গী মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। সকালে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ হয়। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত মানের খাবারও পরিবেশন করা হয়।
ঠাকুরগাঁও: রাত ১২টা ১ মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অপরাজেয়-৭১ এ পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করে জেলা প্রশাসন। এরপর পুষ্পস্তবক অর্পণ করে স্থানীয় রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। সকালে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনাসহ হাসপাতাল, কারাগার ও এতিমখানায় উন্নত মানের খাবারও পরিবেশন করা হয়।
গাইবান্ধা: শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে শারীরিক কসরতের আয়োজন করে জেলা প্রশাসন। বেলা ১১টায় স্টেডিয়াম মাঠে ৪০০ জন মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে নারীদের খেলাধুলা, সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা হয়। বক্তব্য দেন হুইপ মাহাবুব আরা বেগম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মবিনুল হক প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ ছাড়া প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
কুড়িগ্রাম: রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। সকালে কুড়িগ্রাম স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়। এরপর কুচকাওয়াজ হয়।
সৈয়দপুর (নীলফামারী): ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রেলওয়ে প্রশাসন নানা কর্মসূচি পালন করে।
তারাগঞ্জ(রংপুর): রাত ১২টা ১ মিনিটে তারাগঞ্জ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। দুপুরে উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও): তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করে। বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে ৩০০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে শহীদ মিনার মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিরামপুর (দিনাজপুর): রাত ১২টা ১ মিনিটে পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায়। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।