বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ
দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাটোর শহরের কানাইখালী মাঠের শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেন। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া শুরু হয়। নাটোর বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। এ ছাড়া বন্ধুসভার পক্ষ থেকে প্রভাতফেরির আয়োজন করা হয়।
রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক, জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম, জেলা প্রশাসক রেখা রানী বালো ও পুলিশ সুপার জিহাদুল কবিরের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ ছাড়া এবার প্রথমবারের মতো পাবনার শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
নওগাঁয় রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসক ড. আমিনুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন কর্মকর্তাদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে শপথবাক্য, প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জেলা প্রশাসক ড. আমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোজাম্মেল হক, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান প্রমুখ।
নওগাঁ সরকারি কেডি স্কুল শহীদ মিনার প্রাঙ্গণে দুজন ভাষাসংগ্রামীকে একুশে পরিষদ নওগাঁর উদ্যোগে পদক দেওয়া হয়। ভাষাসংগ্রামী নকীবুল্লাহ প্রামাণিক (মরণোত্তর) ও আফজাল হোসেনকে (মরণোত্তর) পদক দিয়ে সম্মাননা জানানো হয়। পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও সাংবাদিক আবেদ খান।
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে পুষ্প অর্পণের মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। স্থানীয় সাংসদ হাবিবে মিল্লাত, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সন্ধ্যায় মুক্তির সোপান চত্বরে আলোচনা সভায় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্বে বক্তব্য দেন সাংসদ হাবিবে মিল্লাত, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল লতিফ বিশ্বাস প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটী-পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে বর্ণমেলা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষানুরাগী ও সমাজসেবক শফিকুল আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসেম আলী ও নাসরিন খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন।
বেলা ১১টায় বগুড়ার শেরপুর শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা হয়েছে। কলেজের অধ্যক্ষ ইউসুফ আলীর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের প্রভাষক আবদুল মজিদ, আবদুল বাছেদ প্রমুখ।
‘শুদ্ধ ভাষায় কথা বলি, শুদ্ধ ভাষার চর্চা করি’—এ প্রতিপাদ্য সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পঞ্চমবারের মতো ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ পৌরসভার ইউনিভার্স একাডেমিতে এ প্রতিযোগ হয়। প্রতিযোগের উদ্বোধন করেন বিজয় কুমার সাহা।
বগুড়ার দুপচাঁচিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠ চত্বরে শহীদ মিনারের পাদদেশে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদ প্রমুখ।
বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের উদ্যোগে শহরে শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় বন্ধুসভার উদ্যোগে সান্তাহার স্বাধীনতা চত্বরে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জয়পুরহাটের আক্কেলপুর পৌর সদরের হাস্তাবসন্তপুর আশ্রয়ণ প্রকল্পের ১৩০টি পরিবারের চার শতাধিক সদস্যকে ফ্রি চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ইউএনও আফরোজা আখতার এই শিবিরের উদ্বোধন করেন।