বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে শোক র্যা লি, বইমেলা, প্রভাতফেরিসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
কুষ্টিয়া শহরের কালেক্টরেট চত্বরে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আনার কলি মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল-ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা হাকিম হাবিবুর রহমান প্রমুখ। গতকাল সকাল সাড়ে ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে চার দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জহির রায়হান। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সোমবার রাত পৌনে ১২টায় উপাচার্য হারুন-উর-রশিদ আসকারীর নেতৃত্বে প্রশাসন ভবন চত্বর থেকে শোক র্যা লি বের করা হয়। এটি ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে কোষাধ্যক্ষ সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য হারুন-উর-রশিদ আসকারী।
পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। কেন্দ্রীয় গ্রন্থাগারে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাষাশহীদদের স্মৃতি রক্ষার্থে ‘একুশে কর্নার’ উদ্বোধন করেন উপাচার্য। এখানে ভাষা আন্দোলনের ইতিহাস ও ভাষা শহীদদের ওপর লিখিত খ্যাতিসম্পন্ন বিভিন্ন লেখকের ২৩৪টি বই রাখা হয়।
একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মাহবুবর রহমান, জ্যেষ্ঠ জেলা জজ মাহফুজা খানম, পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রধান ও রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতারা। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাতটায় অনুষ্ঠিত হয় প্রভাতফেরি। পরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেহেরপুর শহরে ড. সামসুজ্জোহা পার্কে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেহেরপুর-১ আসনের সাংসদ ফরহাদ হোসেন। জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, পুলিশ সুপার আনিছুর রহমান, সদর
উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ আহম্মেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
গাংনী উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে সোমবার রাত ১২টা ১ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংসদ (মেহেরপুর-২) মকবুল হোসেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ-উজ-জামান, পৌরসভার মেয়র আশরাফুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন, প্রভাতফেরি, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ; কুষ্টিয়া অফিস ও মেহেরপুর সংবাদদাতা)