বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

স্বাধীনতার ৪২ বছর পর এক ভিন্ন প্রেক্ষাপটে জাতি গতকাল শনিবার বিনম্র শ্রদ্ধা নিবেদন করল মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী তার শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। দুই দিন আগেই কার্যকর হয়েছে বুদ্ধিজীবী তথা গণহত্যায় জড়িত জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি। এ নিয়ে আনন্দ। অন্যদিকে দেশজুড়ে বিরাজ করছে এক উৎকণ্ঠিত অনিশ্চিত পরিবেশ। এই নিয়ে উদ্বেগ।
এমনই পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ আবালবৃদ্ধবনিতা রাজধানীর মিরপুরে এবং রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হয়ে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে তাঁদের আত্মদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছে। সারা দেশেও পালিত হয়েছে দিনটি।
মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে ১৯৭১ সালে বাঙালি জাতিকে মেধা-মনন শূন্য করে তোলার নীল নকশা করে পাকিস্তানি ঘাতক বাহিনী। তাদের দোসর রাজাকার-আলবদরদের সহযেগিতায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে।
মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গতকাল বুদ্ধিজীবীদের সন্তানদের পাশাপাশি সব বয়স ও শ্রেণী-পেশার মানুষ এসেছিলেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে।
সকাল ছয়টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনপর্বের সূচনা করেন। এ সময় শহীদদের স্মরণে করুণ সুরে বিউগল বাজানো হয়। এরপর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁরা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে অপেক্ষা করেন। পরে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, মন্ত্রিসভার সদস্য, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করেন।
ভোরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রজন্ম-৭১-এর ব্যানার নিয়ে এসেছিলেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তানেরা। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে যুক্তরাজ্য থেকে এনে রায় বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
শ্রদ্ধা জানাতে আসেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে অভিনেত্রী শমী কায়সার, মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির, ডা. আলিম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরীসহ আরও অনেকে। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলেন। তাঁদের খোঁজখবর নেন।
শহীদ বুদ্ধিজীবীদের কবরে ফুল দিতে এসেছিল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এলডিপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণতান্ত্রিক বাম মোর্চাসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ ও স্কুলের শিক্ষার্থীরাও এসেছিলেন দল বেঁধে।
এ সময় স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসি হয়েছে। অনেকে বলেছিল, এ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে না। কিন্তু রায়ও কার্যকর হয়েছে। বাকি যুদ্ধাপরাধীদেরও বিচার হবে। রায় কার্যকর হবে।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব সম্ভব। বিদেশে পালিয়ে থাকা যুদ্ধাপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনাও সম্ভব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রমুখ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের বলেন, একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে সরকার মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছে।
রায়েরবাজারেও ঢল: শুক্রবার দিবাগত মধ্যরাত থেকেই রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে নানা বয়সী মানুষ আসতে থাকেন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে। রাত ১২টা এক মিনিটে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে ফুল দিয়ে ও মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। এ সময় অজস্র মোমবাতি জ্বালিয়ে আলোর মালায় সাজিয়ে তোলা হয় সৌধ চত্বর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে চলতে থাকে শ্রদ্ধা নিবেদন আর সাংস্কৃতিক অনুষ্ঠান। ফুলে ফুলে ঢেকে যায় স্মৃতিসৌধের বেদি। স্মৃতিসৌধ চত্বরের দক্ষিণ পাশে মুক্তিযুদ্ধ কমান্ড কাউন্সিল বিশালাকার ডিজিটাল প্রিন্টে মুক্তিযুদ্ধের ছবি, বুদ্ধিজীবীদের প্রতিকৃতি, বধ্যভূমিতে পড়ে থাকা তাঁদের চোখ, হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ, সংবাদপত্রের কাটিং ও ঘাতকের ভূমিকা নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করে।