বিনা অপরাধে আটক ব্যক্তিরা ক্ষতিপূরণ চাইতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাঁরা বিনা অপরাধে আটক রয়েছেন তাঁরা সংশ্লিষ্ট আটককারী কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চাইতে পারেন। কেউ চাইলে রাষ্ট্রের কাছেও ক্ষতিপূরণ চাইতে পারেন। সেই বিধানও রয়েছে। জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী গতকাল বুধবার এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, অপরাধীরা যাতে বিনা বিচারে দীর্ঘদিন আটক না থাকেন সে লক্ষ্যে বর্তমান সরকার দ্রুত বিচার সম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। দীর্ঘদিন আটক অপরাধীদের সংখ্যা জানার জন্য পরিসংখ্যান নিয়ে তাঁদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের উদ্যোগও নিচ্ছে। তিনি আরও বলেন, ‘জেলে থাকার সময় বিনা অপরাধে অনেক মানুষের জেলে আটক থাকার বিষয়টি জানতে পারি। কিছু এনজিও এবং সরকারি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে এসব আটক ব্যক্তির কারাগার থেকে মুক্ত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।’
সরকারি দলের আয়েন উদ্দিনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান নির্বাচন কমিশন (ইসি) তাদের সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের সব কার্যক্রম গ্রহণ করবে।
কামরুল আশরাফ খানের প্রশ্নের জবাবে সংসদ নেতা শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের সময়ে (জানুয়ারি ২০০৯ থেকে অক্টোবর ২০১৬ পর্যন্ত) শতভাগ বিদেশি ও যৌথ বিনিয়োগে ১ হাজার ৩৭৬টি শিল্প প্রকল্প নিবন্ধিত হয়েছে। এসব প্রকল্পে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ২ হাজার ১১৩ মিলিয়ন টাকা। এসব প্রকল্পের প্রস্তাবনায় ৪ লাখ ৩১ হাজার ৬৮৮ জনের কর্মসংস্থানের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, ২০১৬-১৭ অর্থবছরে শতভাগ বিদেশি ও যৌথ মালিকানায় ৭টি প্রতিষ্ঠান বিনিয়োগে নিবন্ধিত হয়েছে। এর সবগুলোই বিদ্যুৎ খাতের।
প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা তিনটার পর সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
ইন্দোনেশিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে গতকাল বিকেলে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বেলা তিনটা পাঁচ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে গত সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় যান। সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা, সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী মাইথা সালেম আল-শামসি ও ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের সঙ্গে বৈঠক করেন।