বিনা অপরাধে কারাগারে!
বিনা অপরাধে ১২ দিন কারাগারে থাকার পর জামিন পেয়েছেন জামাল শেখ। গত বুধবার বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। একটি নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ ১৮ জুন তাঁকে কারাগারে পাঠায়।জামাল শেখের বাড়ি কোটালীপাড়ার তাড়াশী গ্রামে। তিনি একজন ব্যবসায়ী। ১৭ জুন সদর থানার পুলিশ কোটালীপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে। জামাল শেখ জানান, দুটি নারী নির্যাতন মামলায় তিনি আসামি হয়েছেন। মামলার বাদীরা ইতিমধ্যে নোটারি পাবলিকের মাধ্যমে স্বীকার করেছেন, তাঁদের অজান্তে তাঁকে আসামি করা হয়েছে। একটি মামলার বাদী মুসলিমা খানম এবং অপরটির বাদী হাসি আক্তার। তাঁরা যথাক্রমে ২০ জুন নোটারি পাবলিক সামছুন্নাহার ও ২৭ জুন তফছিরুল বিশ্বাসের কাছে হলফনামা দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী আজগার আলী খান দাবি করেছেন, বাদীরা দরিদ্র। অর্থ ও স্থানীয় চাপের কারণে এই হলফনামা দিয়েছেন। বাদী হাসি আক্তার হলফনামায় উল্লেখ করেছেন, আইনজীবীর মাধ্যমে গত ২৮ এপ্রিল গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে জসিম হাওলাদারসহ তিনজনকে আসামি করে তিনি একটি মামলা করেছিলেন। পরে নথিপত্রে দেখতে পান, আসামির সংখ্যা চারজন এবং জামাল শেখকে (৩০) আসামি করা হয়েছে। তিনি জামাল শেখকে আসামি করেননি। এই মামলাটি বর্তমানে বোলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইব্রাহিম পাটোয়ারী তদন্ত করছেন। ইব্রাহিম পাটোয়ারী বলেন, জামাল শেখের সঙ্গে বাদী বা আসামিদের কোনো সম্পর্কের প্রমাণ প্রাথমিক তদন্তে মেলেনি। গোপালগঞ্জ সদর থানায় হওয়া অপর মামলার বাদী মুসলিমা খানম বলেন, ‘আমি মামলাটি নিজের ইচ্ছায় আমার স্বামী রাসেল ওরফে আল আমিনসহ তিনজনের বিরুদ্ধে করেছিলাম। তবে জামাল শেখকে আসামি করিনি। জামালের নাম আমার অজান্তে উকিল লিখে দিয়েছেন। এ কারণে পরে আমি নিজের ইচ্ছায় নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামায় তাঁকে আসামি না করার কথা উল্লেখ করেছি।’ মুসলিমা খানমের মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক আবু নাঈম বলেন, ‘সাক্ষীরা বলায় সে সময় জামাল শেখকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তে যা আসবে, সে অনুযায়ী তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। কারণ, বাদী চাপে পড়ে বা প্রলুব্ধ হয়ে এ কাজ করে থাকতে পারে।’ সদর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, ‘ঘটনাটি নজরে এসেছে। যাতে কেউ হয়রানি না হয়, সে জন্য তদন্ত কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’