বিনা অপরাধে ১৬ বছর কারাগারে মুক্তিযোদ্ধা!
‘বিরোধের জের ধরে ষড়যন্ত্র কইরা প্রতিপক্ষরা এট্টা মানুষ মাইরা ফালাইছে, হেই কেছে (হত্যা মামলায়) মোর নির্দোষ স্বামীরে আসামি করছে। হেই কেছের পেরথোম (প্রধান) আসামিরে ছাইরা দিলেও মোর স্বামী আইজ ১৬ বছর ধইরা জেলখানায় (কারাগারে) পছতাছে। এইয়ার লাইগ্গাকি মোর স্বামী দ্যাশটা স্বাধীন করছেলো। মোর নির্দোষ স্বামীরে ছাইড়া দ্যান।’ সাংবাদিকদের সামনে হাজির হয়ে ১৩ ডিসেম্বর এভাবেই ক্ষোভ ও হতাশার কথা জানান ১৬ বছর ধরে কারা-অভ্যন্তরে থাকা বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা ইসাহাক আলী মৃধার স্ত্রী রওশন আরা বেগম (৫৩)। মুক্তিযোদ্ধা পরিবারের অভিযোগ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের গুলিতে নিহত হন গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামের রাজাকার ওহাব আলী সরদার। ১৯৭৯ সালে ওহাব আলীর পুত্র শাহ আলম সরদার পিতৃহত্যার প্রতিশোধ নিতে সর্বহারা জিয়া গ্রুপের আঞ্চলিক নেতা রেজাউল করিম আকন্দের দলে যোগ দিয়ে চাঁদাবাজি, নারীনির্যাতনসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। ওই সময় শাহ আলম ও তাঁর সহযোগীরা একই গ্রামের মৃত মোনাছেব বেপারীর স্ত্রী সুফিয়া বেগমকে ছেলে আব্দুর রব বেপারীর সামনে গণধর্ষণ করেন। বিধবা সুফিয়া বিচার না পেয়ে পুত্রকে নিয়ে এলাকা ছেড়ে যান। বিচার না পাওয়া সুফিয়া পরে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা যান। এ সুযোগে সুফিয়ার বাড়ি-ঘরসহ জমাজমি দখল করে নেন শাহ আলম। স্থানীয় ছালাম মোল্লা (৫২), মো. সবের আলীসহ (৬৫) অনেকেই জানান, সুফিয়ার পুত্র আব্দুর রব বেপারীর বয়স যখন ২০ বছর তখন তিনি (রব) এলাকায় ফিরে এসে মায়ের ধর্ষণকারীদের শায়েস্তা করতে কৌশলে সর্বহারা জিয়া গ্রুপের প্রভাবশালী নেতা ও পুত্র শাহ আলমের দলেই যোগ দেন। ১৯৮৮ সালের ৫ নভেম্বর রব শাহ আলমকে শাহজিরা গ্রামে জমির মধ্যে জবাই করে হত্যা করেন। স্থানীয়দের সঙ্গে আলাপে জানা যায়, শাহ আলম খুনের ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে সর্বহারা জিয়া গ্রুপের আঞ্চলিক নেতা ও প্রভাবশালী বিএনপিনেতা রেজাউল করিম আকন্দ নিহত শাহ আলমের ভাই আ. সোবহান সরদারকে প্রভাবিত করে তাঁকে বাদী করে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বাসুদেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মুক্তিযোদ্ধা (মুক্তিবার্তার ১৪৪ পৃষ্ঠায় ক্রমিক নম্বর-০৬০১১০০২৭৮) ইসাহাক আলী মৃধাসহ নির্দোষ ১১ জনকে আসামি করা হয়। মুক্তিযোদ্বা ইসাহাকের বড় ছেলে দিনমজুর ইসমাইল মৃধা (৩৮) জানান, রবের হাতে যখন শাহ আলম খুন হন তখন তাঁর বাবা স্কুলে কর্মরত ছিলেন। কিন্তু তার পরও তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছিল। ১৯৯৬ সালের ৩০ আগস্ট বরিশালের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. মমিন উল্লাহ শাহ আলম হত্যা মামলার ১১ নম্বর আসামি মুক্তিযোদ্ধা ইসাহাক আলীসহ ওই মামলার নয়জন আসামিকে যাবজ্জীবন সাজা দেন।