বিনা কারণে সেবিকাকে চাকরিচ্যুতির নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া শহরের দক্ষিণ মৌড়াইল এলাকার ক্রিশ্চিয়ান মেডিকেল সেন্টারে কর্মরত বীথিকা সাংমা নামের এক সেবিকাকে বিনা কারণে চাকরিচ্যুত করার অভিযোগ পাওয়া গেছে। কোনো কারণ ছাড়াই গত ৩০ আগস্ট ওই মেডিকেল সেন্টারের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক এন্টন প্রকাশ চৌধুরী বীথিকাকে চাকরি থেকে অব্যাহতির নোটিশ দেন।
বীথিকা এ নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী জজের আদালতে মামলা করেছেন। আদালত ১৫ দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর আদেশ দেন। এ ছাড়া বীথিকা এ ঘটনায় সদর থানায় জিডি করেছেন।
ময়মনসিংহের ভালুকার হরিনাথ সাংমার স্ত্রী বীথিকা ১৯৯৭ সাল থেকে ওই মেডিকেল সেন্টারে কর্মরত আছেন। বর্তমানে তিনি জ্যেষ্ঠ সেবিকার পদে কাজ করছেন। গত ২৫ আগস্ট তিনি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তাঁর মেয়েকে (৮) নিয়ে শহরের বণিকপাড়ার চার্চে যান। অন্য চার্চে যাওয়ার অপরাধে ক্ষিপ্ত হয় কর্তৃপক্ষ। এরপর গত ৩০ আগস্ট তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।