চট্টগ্রামে সচেতনতার অভাবে সরকারিভাবে মামলা পরিচালনার আইনি সহায়তা পাচ্ছেন না অনেক গরিব-অসহায় মানুষ। দালালদের খপ্পরে পড়ে মামলা পরিচালনা করতে গিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকেই।
চট্টগ্রাম জেলা আইনগত সহায়তা প্রদান কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ মুজাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গরিব-অসহায়দের আইনি সহায়তা দিতে আমাদের আপ্রাণ চেষ্টা রয়েছে। বিনা খরচে আইনি সহায়তা পাওয়া যায়—এটি সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে।’
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুর রশিদ জানান, বিনা খরচে আইনি সহায়তা পাওয়া যায়—এ ব্যাপারে বিলবোর্ড লাগিয়ে তা গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে হবে। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কমিটির লোকজন সভা-সেমিনারের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে পারেন।
চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় রয়েছে চট্টগ্রাম জেলা আইনগত সহায়তা প্রদান কার্যালয়। এই কার্যালয়ের সামনে, আদালত ভবনের প্রবেশমুখসহ আদালতের বিভিন্ন স্থানের রয়েছে বিনা খরচে গরিব-নিঃস্বদের মামলা পরিচালনার তথ্যসংবলিত বিলবোর্ড।
নগরের দক্ষিণ পাহাড়তলী এলাকার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘আমার বোনকে শ্বশুরবাড়ির লোকজন মেরে আত্মহত্যা দাবি করে। মামলা করতে থানায় গেলে পুলিশ মামলা নেয়নি। টাকার অভাবে ভালো কোনো আইনজীবীও পাইনি। এক দালাল কম টাকায় মামলা করিয়ে দেওয়ার কথা বলে পাঁচ হাজার টাকা নেয়। এখনো কিছুই হয়নি। বিনা খরচে মামলা পরিচালানা করা যায়, সেটি আমি জানতাম না।’
বায়েজিদ বোস্তামী এলাকার পোশাক কারখানার শ্রমিক সায়রা বেগম বলেন, ‘আমার স্বামী আমাকে মারধর করত। পরে আইনগত সহায়তার অফিসের মাধ্যমে মামলা দায়ের করলে আমার স্বামী আমাকে মারধর করবে না বলে অঙ্গীকারনামা দেয়। এখন আমরা সুখে আছি।’
জানা গেছে, সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায়সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা দেওয়ার জন্য ২০০০ সালে ‘আইনগত সহায়তা প্রদান আইন ২০০০’ পাস করে। এই আইনের আওতায় সরকারি আইনি সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য সরকার একই বছর ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’ নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা প্রতিষ্ঠা করে।
আজ ২৮ এপ্রিল সারা দেশে জাতীয় আইনগত সহায়তা প্রদান দিবস পালিত হবে।