
রংপুরের বদরগঞ্জে অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রী সুলতানা খাতুন (১৫) যন্ত্রণায় ছটফট করছে। অর্থাভাবে তার চিকিৎসা করাতে পারছেন না অভিভাবকেরা। গত বৃহস্পতিবার রাতে পৌরসভার শাহাপুর সোনাতলা গ্রামে তাদের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ।
অগ্নিকাণ্ডের ঘটনায় ওই কিশোরীর বাবা নজবুল হক শুক্রবার সাহাপুর ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ও আমরুলবাড়ী-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেনসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। তবে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সুলতানা খাতুন অগ্নিদগ্ধ হয়ে বৃহস্পতিবার রাতে এখানে ভর্তি হয়। তার ডান হাত ও মুখের কিছু অংশ পুড়ে যায়। এখানে বার্ন ইউনিট নেই। তবু স্বজনদের অনুরোধে এখানে দুই দিন ভর্তি রেখে সুলতানার চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকেরা।
সুলতানার মা আসমা বেগম বলেন, ‘টাকার অভাবে মেয়েকে রংপুরে নিয়ে যেতে পারিনি। ওর অবস্থা ভালো নয়। এখন হাত ও মুখে পোড়া ঘায়ের যন্ত্রণায় সে ছটফট করছে। একজন কবিরাজ এসে চিকিৎসা দিয়েছে, তবে যন্ত্রণা কমছে না। সুলতানা শাহাপুর মহিলা মাদ্রাসায় পড়ে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, ‘সুলতানার উন্নত চিকিৎসার প্রয়োজন। এ কারণে তাকে রেফার্ড করা হয়েছে। তাকে বাড়িতে নেওয়া হয়েছে এটা জানা নেই।’
এজাহার সূত্রে জানা যায়, নজবুল হক শাহাপুর সোনাতলা গ্রামে খাসজমিতে বাস করেন। বসতবাড়ির পাশে ৭৫ শতক আবাদি জমি নিয়ে তাঁর সঙ্গে কবির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নজবুলের মেয়ে সুলতানা খাতুন ও পুত্রবধূ স্বপ্না বেগম (১৮) ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ঘরে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে সুলতানা ও স্বপ্না দগ্ধ হন। প্রতিবেশীরা উদ্ধার করে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে স্বপ্না বেগমও প্রাথমিক চিকিৎসা নেন।
সুলতানার বাবা ও মায়ের অভিযোগ, ওই জমি নিয়ে বিরোধের জের ধরে কবির হোসেনসহ তিন ব্যক্তি বসতঘরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান।
প্রতিবেশী রাশেদা বেগম বলেন, আগুনে পুড়ে যাওয়ার পরও সেখানে পেট্রলের গন্ধ ছিল।
এ বিষয়ে কথা বলার জন্য গতকাল বাড়িতে গিয়ে কবির হোসেনকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী মনিরা খাতুন বলেন, ‘আমাদের ঘায়েল করার জন্য তাঁরা নিজেরা আগুন দিয়ে মামলা করেছেন।’
বদরগঞ্জ ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, ‘ঘটনা তদন্ত করা হচ্ছে।