বিনা চিকিৎসায় ছয় মাস বিছানায় নুরেমন বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা চিকিৎসায় বিছানায় পড়ে আছেন নুরেমন বেগম। গত সোমবারের ছবি l প্রথম আলো
বিনা চিকিৎসায় বিছানায় পড়ে আছেন নুরেমন বেগম। গত সোমবারের ছবি l প্রথম আলো

স্বামী নিহত হয়েছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে। অনেক কষ্টে চার সন্তানকে বড় করেছেন। তবে দারিদ্র্য পিছু ছাড়েনি। সমস্ত শরীর অচল। বিছানায় পড়ে আছেন ছয় মাস। টাকার অভাবে তাঁর চিকিৎসা হচ্ছে না। তিনি নুরেমন বেগম (৮৫)। তাঁর বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর বিধবাপল্লিতে।
এলাকাবাসী জানান, ১৯৭১ সালের ২৫ জুলাই সোহাগপুর গণহত্যায় পাকিস্তানি হানাদারদের হাতে প্রাণ হারান নুরেমন বেগমের স্বামী জসিম উদ্দিন। চার সন্তানকে তিনি একাই বড় করেন। দুই মেয়ের বিয়ে হয়েছে। তিনি থাকতেন ছোট ছেলে মহর উদ্দিনের সংসারে। বছর খানেক আগে হঠাৎ মহর উদ্দিন মারা যান। ছেলের বউ ও নাতনিকে নিয়ে তিনি পড়েন অকূলপাথারে। সংসারে উপার্জনক্ষম কেউ নেই। একটি বেসরকারি ব্যাংক ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) থেকে মাসে ভাতা পান ২ হাজার ৪০০ টাকা। এ ছাড়া সরকারের তরফ থেকে বিধবা ভাতা ৪০০ টাকা। এ দিয়েই কোনো রকমে তাঁদের সংসার চলে। বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন নুরেমন বেগম। ছয় মাস আগে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। তখন থেকে তাঁর শরীর অচল হয়ে যায়, কথাও বলতে পারেন না। ছোট ছেলের বউ তাঁর দেখাশোনা করেন। তবে টাকার অভাবে তিনি নুরেমন বেগমের চিকিৎসা করাতে পারছেন না।
গত সোমবার সোহাগপুরে গিয়ে দেখা যায়, টিনের ঘরের মেঝেতে শুয়ে আছেন নুরেমন বেগম। তাঁর ছেলের বউ ও নাতনি পাশে বসে আছেন। কোনো কিছু জিজ্ঞাসা করলে তিনি কেবল মাথা নাড়েন। ছোট ছেলের বউ আরেফা বেগম বলেন, ‘শাশুড়িকে তার ছোড ছেলেই দেখাশোনা করত। সে-ও মইরা গেছে। হঠাৎ অসুস্থ অউনের পর থাইকা খাওয়া-গোসল সবকিছু বিছনার মধ্যেই করে।’
বড় ছেলে নুরল হকের আর্থিক অবস্থা তেমন ভালো নয়। তিনি বলেন, ‘টেহার অভাবে মারে ভালা কোনো ডাক্তারে কাছে নিবার পাইছি না।’ কাকরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার বলেন, ‘কয়েক দিন আগে নুরেমন বেগমকে দেখে এসেছি। তাঁকে হাসপাতালে ভর্তি করার জন্য তাঁর বড় ছেলেকে বলেছি। এ ব্যাপারে তাঁকে প্রয়োজনীয় সহায়তা করা হবে।’
সোহাগপুর বিধবাপল্লি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন বলেন, ‘১৯৭১ সালের ২৫ জুলাই সোহাগপুর গণহত্যার ফলে যাঁরা বিধবা হয়েছেন, তাঁদের মধ্যে নুরেমনসহ চারজন শয্যাশায়ী। ওই চারজনের মধ্যে নুরেমনের অবস্থা সবচেয়ে গুরুতর। ছয় মাস হয় বিছানায় পইড়া গেছেন। টাকার অভাবে তাঁর পরিবার তাঁরে চিকিৎসা করাইবার পাইতাছে না।’