সুনামগঞ্জ সদর হাসপাতালে বিনা চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগে গতকাল রোববার শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় সুনামকণ্ঠ পাঠক ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে।গত শনিবার ভোর চারটায় সুনামগঞ্জ সদর হাসপাতালে এসে ভর্তি হন বিশ্বম্ভরপুর উপজেলার মেরুয়াখলা গ্রামের মনির হোসেনের স্ত্রী নুরুন্নাহার (২২)। এরপর সকাল ১১টায় প্রসব ব্যথায় তিনি মারা যান। মনির হোসেন অভিযোগ করেন, তাঁর স্ত্রী সাতঘণ্টা হাসপাতালে থাকলেও কোনো চিকিৎসা দেওয়া হয়নি। এ সময় কোনো চিকিৎসককে পাননি তিনি।শহরের ট্রাফিক পয়েন্টে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হুমায়ূন কবীর জাহানুর, সাপ্তাহিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, রহমান মিজান, মনির হোসেন, পাঠক ফোরামের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ প্রমুখ।