বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ, তদন্ত শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও সেবিকাদের অবহেলায় বিনা চিকিৎসায় বিউটি বেগম (২৫) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগের তদন্ত গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে।জানা গেছে, বিউটির স্বামী শাহজাহান তাঁর স্ত্রী বিনা চিকিৎসায় মারা গেছেন বলে হাসপাতালের বহির্বিভাগে রাখা অভিযোগ বাক্সে ৩ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার অর্থোপেডিক সার্জন এনামুল হককে প্রধান করে গঠিত তিন সদস্যের কমিটি এ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।অভিযোগপত্রে বলা হয়েছে, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের দক্ষিণ সেনিহারি জামাদারপাড়া গ্রামের কৃষক শাহজাহানের স্ত্রী বিউটি বেগমের প্রসব ব্যথা উঠলে ৩ সেপ্টেম্বর সকাল সাতটার দিকে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিন বেলা একটার দিকে চিকিৎসক খুরশিদ জাহান হক বিউটির অস্ত্রোপচার করেন। এ সময় বিউটি একটি মৃত সন্তান প্রসব করেন। ওই প্রসূতি একলামশিয়া রোগী হওয়ায় অস্ত্রোপচারের পর তাঁকে একটি বিশেষ কক্ষে রাখা হয়। কিন্তু রোগীর ভর্তির টিকিট ও ফাইলপত্র ভুলবশত অপারেশন থিয়েটারেই থেকে গেলে তা খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলে কর্তব্যরত সেবিকারা তাঁকে কোনো চিকিৎসাই দিতে পারেননি। এমনকি দায়িত্বে থাকা সেবিকারা ওই রোগীর ফাইলপত্রের খোঁজও করেননি। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিউটি ভর্তির সময় ওই ওয়ার্ডের দায়িত্বে ছিলেন সিনিয়র স্টাফ নার্স সালেহা খাতুন ও নার্স মিনা আক্তার। ওই দিন সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত দায়িত্ব পালন করেন সিনিয়র নার্স উম্মে সালমা ও রহিমা খাতুন। অপারেশন থিয়েটারে নার্সের দায়িত্বে ছিলেন সিনিয়র নার্স মমতাজ বেগম। অপারেশনের পর বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত দায়িত্বে ছিলেন রাধিকা বালা রায় ও আশরাফুন নেছা। দায়িত্বে থাকা সব নার্স বিউটির চিকিৎসার কোনো খোঁজ না নেওয়ায় একপ্রকার বিনা চিকিৎসায় রোববার সকাল সাড়ে আটটার দিকে তিনি মারা যান।বিউটির স্বামী শাহজাহান বলেন, ‘কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা একটু দায়িত্ববান হলেই আমার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যেত না। চিকিৎসক ও নার্সদের দায়িত্বহীনতার জন্য আর যেন কোনো মানুষ মারা না যায়, তার জন্যই এ অভিযোগ করেছি।’তদন্ত কমিটির প্রধান এনামুল হক বলেন, তদন্ত শেষ হয়েছে। শিগগির প্রতিবেদন জমা দেওয়া হবে।ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবু মো. খয়রুল কবির বলেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।