বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ
বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা চিকিৎসায় এক গৃহবধূ মারা গেছেন বলে তাঁর স্বজনেরা অভিযোগ করেছেন। এ ঘটনায় জেলা সিভিল সার্জনের কাছে অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
মৃত ওই গৃহবধূর নাম ইয়াসমিন বেগম (৩৫)। তিনি মুলাদী পৌর শহরে ভাড়া বাসায় থাকেন। তাঁর স্বামী মালয়েশিয়াপ্রবাসী উপজেলার ভোঙ্গা গ্রামের বাসিন্দা ওমর ফারুক।
ইয়াসমিনের বড় ভাই হারুন-অর-রশিদ বলেন, গত শনিবার রাত দেড়টায় হৃদ্রোগে আক্রান্ত হন ইয়াসমিন। সঙ্গে সঙ্গে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে তালা লাগানো ছিল। প্রায় এক ঘণ্টা ডাকাডাকির পর গেট খুলে দেন দারোয়ান। এ সময় উত্তেজিত লোকজন দারোয়ান মনিরুজ্জামানকে মারধর করেন।
এরপর ইয়াসমিনকে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানেও তালা ঝোলানো ছিল। জরুরি বিভাগের চিকিৎসক মো. সোলায়মান স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত ছিলেন। তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি। কোনো চিকিৎসক না পেয়ে বিষয়টি ইউএনওকে জানানো হয়। ইউএনও মো. আতাহার মিয়া মুঠোফোনে স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক চিকিৎসক মোস্তফা কামালকে ডেকে আনেন। মোস্তফা কামাল রোগীকে ইসিজি করার পরামর্শ দিয়ে চলে যান। এর কিছুক্ষণ পরই ইয়াসমিন মারা যান।
মুলাদীর ইউএনও মো. আতাহার মিয়া বলেন, রাত দুইটার দিকে রোগী নিয়ে যখন ইয়াসমিনের স্বজনেরা হাসপাতালে যান তখন হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। পরে ফোন দিলে একজন চিকিৎসক আসেন। এরপর ওই রোগী মারা যান। বিষয়টি সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালককে জানানো হয়েছে। তাঁরা আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।
সিভিল সার্জন এ এফ এম সফিউদ্দিন বলেন, অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।