বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বুধবার বিনা চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।ওই ব্যক্তির নাম আনছার উদ্দিন (৬৫), বাড়ি উপজেলার টিলারচর গ্রামে। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের বরাত দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন প্রথম আলোকে জানান, আনছার গত সোমবার সকালে চিকিৎসা কর্মকর্তা রাসেল রেজার তত্ত্বাবধানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাসেল রেজা নতুন একটি আইন করেছেন। আর তা হলো, তাঁর রোগীকে অন্য কোনো চিকিৎসক দেখতে পারবেন না। এর ব্যত্যয় হলে তিনি অন্য চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।চেয়ারম্যান জানান, আনছার ভর্তি হওয়ার পর থেকে রাসেল তাঁকে দেখতে (রাউন্ডে) আসেননি। ফলে অন্য কোনো চিকিৎসকও তাঁকে দেখেননি। গতকাল সকালে বিনা চিকিৎসায় তাঁর মৃত্যু হয়।অভিযোগ অস্বীকার করে চিকিৎসা কর্মকর্তা রাসেল বলেন, ‘এক চিকিৎসকের রোগী আরেক চিকিৎসক দেখবেন না, এ-জাতীয় কোনো নিয়ম আমি করিনি।’ তিনি আরও বলেন, ‘মঙ্গলবার রাতে ওই রোগীর অবস্থা যখন খারাপ হয়, তখন আমি বাড়িতে ছিলাম। খবর পেয়ে কর্মরত চিকিৎসকদের মাধ্যমে ওই রোগীর খোঁজখবর নিই।’ রাউন্ডে না আসার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা চরভদ্রাসনের চিকিৎসকেরা একেক দিন একেকজন দায়িত্ব পালন করব বলে ভাগ করে নিয়েছি। এই হিসেবে মঙ্গলবার আমার দায়িত্ব ছিল না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ বলেন, ‘রাসেল রেজার রোগী অন্য চিকিৎসক দেখলে তিনি নাখোশ হন, এমন অভিযোগ আমি পেয়েছি।’