বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর হাসপাতালে বিনা চিকিৎসায় ইদ্রিস আলী (৪৮) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। রোগীর ছোট ভাই আবদুর রাজ্জাক অভিযোগ করেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে ইদ্রিসকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় জরুরি বিভাগ থেকে প্রাথমিকভাবে কিছু ওষুধ, স্যালাইন ও অক্সিজেন দিয়ে তাঁকে চার তলায় মেডিসিন ওয়ার্ডের ছয় নম্বর শয্যায় পাঠানো হয়। এরপর ২৪ ঘণ্টায়ও কোনো চিকিৎসক তাঁকে দেখেননি। একাধিকবার রোগী দেখার জন্য আকুতি জানানো হলেও জরুরি বিভাগের চিকিৎসকেরা তাতে কোনো কর্ণপাত করেননি। এ অবস্থায় পরের দিন বুধবার সকালে তাঁর মৃত্যু হয়। অভিযোগ অস্বীকার করে হাসপাতালের আবাসিক চিকিৎসক নবীউর রহমান বলেন, ইদ্রীস আলী দীর্ঘদিনের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসক তাহমিনা ফেরদৌসী তাঁকে পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করে নেন। রোগীর অবস্থা ভালো হওয়ার পর হঠাৎ করে বুধবার ভোরে আবার খারাপ হয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক মো. আনিছুর রহমানকে ডাকা হয়। তিনি গিয়ে রোগীকে মৃত দেখতে পান।