বিনা ছুটিতে অনুপস্থিত থাকায় শিক্ষক ও কর্মচারী অপসারিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছুটি না নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় এক শিক্ষক ও এক কর্মচারীকে অপসারণ করেছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার অনুষ্ঠিত ৪৮৫তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। বৈঠক সূত্রে জানা গেছে, অপসারিত শিক্ষক হলেন মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল। তিনি ২০১১ সালের ১ জুলাই থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন। অপসারিত কর্মচারী হলেন বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অফিস সহকারী মোহাম্মদ রেজাউল করিম। তিনি ২০১১ সালের ১৯ জানুয়ারি থেকে অনুপস্থিত আছেন।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সিন্ডিকেট সচিব অধ্যাপক মোহাম্মদ সফিউল আলম শিক্ষক-কর্মচারীর অপসারণের সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সভাপতি ও সিন্ডিকেটের সদস্য কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী প্রথম আলোকে বলেন, অপসারিত শিক্ষক ও কর্মচারীকে চাকরিতে যোগদানের জন্য কয়েকদফা নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তাঁরা চাকরিতে যোগদান করেননি। তাই বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধির ৮(২) ধারা অনুযায়ী তাঁদের অপসারণ করা হয়েছে।