বিনা ছুটিতে বিদেশ ভ্রমণ করায় শিক্ষকের পদাবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা ছুটিতে বিদেশ ভ্রমণ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান রইছ উদ্দিনকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদাবনতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। রইছ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী পাঁচ বছর অধ্যাপক পদে আবেদন ও ১০ বছরের মধ্যে প্রশাসনিক পদে অধিষ্ঠিত হতে পারবেন না রইছ উদ্দিন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পাঁচ দিনের ছুটি চেয়ে ১৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমানের কাছে আবেদন করেছিলেন রইছ উদ্দিন। কিন্তু ওই দিন তাঁকে ছুটি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরদিনই মালয়েশিয়ায় চলে যান তিনি।
১৩ মার্চ ছুটি না পাওয়ায় ওই দিন রাতেই মুঠোফোনে উপাচার্য ও রেজিস্ট্রারের অনুমতি নিয়েই বিদেশ গেছেন বলে রইছ উদ্দিন আজ সন্ধ্যায় প্রথম আলোর কাছে দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই রইছ উদ্দিনের বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান সাংবাদিকদের বলেন, বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণ করা চাকরিচ্যুত হওয়ার মতো অপরাধ। তবে মানবিক বিবেচনায় রইছ উদ্দিনকে পদাবনতি দিয়েছে সিন্ডিকেট।