বিনা ছুটিতে বিদেশ ভ্রমণ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান রইছ উদ্দিনকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদাবনতি দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় রইছ উদ্দিনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপি-সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান বলেন, সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী পাঁচ বছর অধ্যাপক পদে আবেদন ও ১০ বছরের মধ্যে প্রশাসনিক পদে অধিষ্ঠিত হতে পারবেন না রইছ উদ্দিন।
সূত্র জানায়, পাঁচ দিনের ছুটি চেয়ে ১৩ মার্চ উপাচার্য মীজানুর রহমানের কাছে আবেদন করেছিলেন রইছ উদ্দিন। কিন্তু ওই দিন তাঁকে ছুটি দেয়নি প্রশাসন। এর পরদিনই মালয়েশিয়ায় চলে যান তিনি।
রইছ উদ্দিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ১৩ মার্চ ছুটি না পাওয়ায় ওই দিন রাতেই মুঠোফোনে উপাচার্য ও রেজিস্ট্রারের অনুমতি নিয়েই বিদেশ গিয়েছেন।
একাধিক শিক্ষক বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মূলত রইছ উদ্দিনের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
অভিযোগ অস্বীকার করে উপাচার্য মীজানুর রহমান সাংবাদিকদের বলেন, বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণ করা চাকরিচ্যুত হওয়ার মতো অপরাধ। তবে মানবিক বিবেচনায় রইছ উদ্দিনকে পদাবনতি দিয়েছে সিন্ডিকেট।