রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন আব্দুল্লাহ আল মাশরাফী বিনা ছুটিতে পাঁচ বছর চার মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। এ কারণে ওই ইউনিয়নের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মাশরাফী ২০০৮ সালের ১৮ নভেম্বর রামনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেন। ২০১০ সালের ৬ এপ্রিল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত।
উপস্বাস্থ্য কেন্দ্রের অফিস সহকারী এনামুল হক জানান, আব্দুল্লাহ আল মাশরাফী গোপনে দেশের বাইরে চলে গেছেন। বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে গত ১৯ মে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য রংপুরের সিভিল সার্জন বরাবর চিঠি দিয়েছেন।
এ ব্যাপারে আমিনুল ইসলাম সরকার বলেন, বিনা ছুটিতে ওই চিকিৎসক পাঁচ বছরের বেশি সময় ধরে অনুপস্থিত থাকায় ওই ইউনিয়নে স্বাস্থ্যসেবা কিছুটা বিঘ্নিত হচ্ছে। পদ শূন্য না হওয়া পর্যন্ত সেখানে নতুন চিকিৎসকও নিয়োগ দেওয়া যাচ্ছে না। এ ব্যাপারে অনেক চিঠি চালাচালি করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।