পশ্চিমাঞ্চলের সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ (জিআরপি) ট্রেনে ট্রেনে তল্লাশি শুরু করেছে। গত ২৪ মে ওই অভিযান শুরু হয়েছে, চলবে ঈদুল ফিতর পর্যন্ত।
ইতিমধ্যে বিনা টিকিটের দেড় শ যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় ও প্রায় ১০ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।
সৈয়দপুর জিআরপি পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, ঈদ সামনে রেখে সীমান্তবর্তী জেলাগুলো থেকে ট্রেনে চোরাচালানের পণ্য পরিবহন অস্বাভাবিক বেড়ে যায়। চোরাচালানিদের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েন রেলের যাত্রীরা। এতে যাত্রী বিড়ম্বনা, ট্রেন বিলম্ব ইত্যাদি ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে এবার আগেভাগেই শুরু হয়েছে জিআরপির তৎপরতা। পশ্চিমাঞ্চলের প্রতিটি ট্রেনেই চলছে তল্লাশি।
রেলপুলিশের একটি সূত্র জানায়, ২৪ মে শুরু হওয়া অভিযানে ভারতীয় ফেনসিডিল, মাদকদ্রব্য, শাড়ি, থ্রিপিস, আতশবাজি, নিষিদ্ধ ওষুধ ইত্যাদি উদ্ধার করা হয়। গতকাল শনিবার পর্যন্ত উদ্ধার হওয়া এসব পণ্যের মূল্য কমপক্ষে ১০ লাখ টাকা। রাজশাহীতে সাগরদাঁড়ি এক্সপ্রেস, সৈয়দপুর থেকে খুলনাগামী রূপসা ও সীমান্ত এক্সপ্রেস, চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস, নীলফামারী থেকে রাজশাহীমুখী বরেন্দ্র এক্সপ্রেস, লালমনিরহাট থেকে দিনাজপুরের বিরলগামী কমিউটার ট্রেন এবং খুলনা থেকে ঢাকা-গোয়ালন্দ, রাজশাহীগামী বিভিন্ন ট্রেনে ওই অভিযান চলে। এ ছাড়া ট্রেনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিনা টিকিটের কমপক্ষে দেড় শ যাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, সীমান্তবর্তী এলাকায় রেলপথে বেপরোয়া চোরাচালান হচ্ছে, তা অস্বীকার করা যাবে না। এ কাজে রেলওয়ের সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সহযোগিতা রয়েছে। এতে জিআরপির কোনো সদস্যের সম্পৃক্ততা থাকলে ছাড় দেওয়া হবে না। অভিযান চলছে। ঈদে ঘরমুখী যাত্রীদের অধিকতর সেবা নিশ্চিত করতে ট্রেনে চোরাচালান সম্পূর্ণ বন্ধ করা হবে। এ তৎপরতা ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান বলেন, ‘সৈয়দপুর জেলার অধীন জিআরপির ১২টি থানা ও ১৬ পুলিশ ফাঁড়ি রয়েছে। আমরা পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রতিটি থানাকে সতর্ক করে দিয়েছি। ট্রেনে কোনো প্রকার চোরাচালান বরদাশত করা হবে না। এমনকি বিনা টিকিটে যাত্রী চলাচল করবে না ট্রেনে।’