বিনা টিকিটে সিনেমা দেখতে না দেওয়ায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা টিকিটে সিনেমা দেখতে না দেওয়ায় ভোলার লালমোহন উপজেলার খেয়াঘাট সড়কের লালমনি সিনেমা হলে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। ছাত্রলীগের কর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় সিনেমা হলের পাঁচজন কর্মী আহত হয়েছেন।
লালমনি সিনেমা হলের মালিক রাজীব চৌধুরীসহ প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, গত শুক্রবার রাত আটটার দিকে ছাত্রলীগের কয়েকজন কর্মী জোর করে বিনা টিকিটে হলে সিনেমা দেখতে চাইলে হলের ব্যবস্থাপক হারুন অর রশিদ ছাত্রলীগের কর্মীদের বাধা দেন এবং তাঁদের রাত্রিকালীন শো দেখার আহ্বান জানান। এ সময় হলের কর্মচারী ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা হয়।
এ খবর লালমোহন পৌর ছাত্রলীগের নেতা-কর্মীরা জানার পর তাঁরা লাঠিসোঁটাসহ দু-তিন শ কর্মী নিয়ে রাত নয়টার দিকে লালমনি সিনেমা হলে ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় হলকর্মী হারুন অর রশিদ, আলমগীর হোসেন, কামাল হোসেন, মামুনসহ পাঁচজন আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
লালমোহন পৌর ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের কয়েকজন কর্মীর সঙ্গে হল কর্তৃপক্ষের বাগিবতণ্ডা হলে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা মিটিয়ে দেন। এ জন্য অভিযোগের কী আছে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বলেন, ‘এ ঘটনায় হলের মালিককে থানায় অভিযোগ দিতে বললেও গতকাল শনিবার পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।’