বিনা দোষে আক্রোশের বলি
গ্রামের স্বামীহারা এক নিঃসন্তান মহিলাকে (৫৫) ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। সালিসে দোষী সাব্যস্ত করে শাস্তি হিসেবে তাঁকে বেত্রাঘাত করা হয়, ন্যাড়া করে দেওয়া হয় মাথা। এর পরও বাকি ছিল জরিমানার তিন হাজার টাকা আদায়। কিন্তু তাঁর পক্ষে এই টাকা দেওয়া সম্ভব হয়নি। বিনিময়ে তাঁর গলায় ঝুলিয়ে দেওয়া হয় জুতার মালা, গোপনাঙ্গে ঝোলানো হয় ইট। প্রকাশ্যে এই অপমানের পর আত্মহত্যা ছাড়া পরিত্রাণের আর কোনো পথ দেখতে পাননি তিনি।সমাজপতিদের আক্রোশের শিকার হয়ে বিনা দোষে যে মানুষটিকে এই করুণ পরিণতি বরণ করতে হয়, তিনি হবিগঞ্জের সদর উপজেলার বলবারচর গ্রামের স্বপন কুমার (৩৫)। গত ২৩ ডিসেম্বর সালিস থেকে বাড়ি ফেরার পর সবার অগোচরে বিষ পান করেন তিনি। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ২৪ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।পুলিশ, পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর স্বপন হাওরে জমি চাষ করার সময় ওই মহিলাকে নিয়ে গ্রামের সফর আলী, শফিক মিয়া, আরজু মিয়া ও কুদ্দুস মিয়া সেখানে উপস্থিত হন। স্বপনের বিরুদ্ধে তাঁরা ওই মহিলাকে ধর্ষণের অভিযোগ এনে বিকেলে সালিসে হাজির হতে বলেন। উপজেলার বড়চর গ্রামের চেরাগ আলীর দোকানের সামনে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য রেজ্জাক মিয়ার সভাপতিত্বে ওই সালিস বৈঠক হয়। এলাকার ইউপি সদস্য ফজল মিয়া, সফর আলী, আরজু মিয়াসহ অনেকেই ওই সালিসে উপস্থিত ছিলেন। সালিসে স্বপনের কোনো বক্তব্য না শুনেই একতরফাভাবে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়।স্বপনের মৃত্যুর পরদিন ২৫ ডিসেম্বর তাঁর স্ত্রী দিপালী রানী বাদী হয়ে রেজ্জাক মিয়া, সফর আলী, আরজুসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হবিগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। পরদিন পুলিশ সফর আলীর ছেলে জসিম, দুলালকে গ্রেপ্তার করে। জসিম ও দুলালকে জেলহাজতে পাঠানো হয়। অন্যরা পলাতক।একই দিন পুলিশ ওই স্বামীহারা মহিলাকে আটক করে হবিগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করলে তিনি স্বপনকে নির্দোষ বলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, স্বপনের বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ ছিল সম্পূর্ণ সাজানো। সমাজপতিদের চাপে পড়ে তিনি ধর্ষণের শিকার সাজেন।স্বপনের বাবা কুঞ্জ মোহন ও মা ছায়ারানী বলেন, তাঁদের ছেলে প্রতিহিংসার শিকার। ভাড়ায় জমি চাষাবাদের জন্য স্বপন সম্প্রতি এক আত্মীয়ের একটি পাওয়ার টিলার গ্রামে নিয়ে আসেন। ফয়জুল ও রেজ্জাক তাঁদের জমি চাষের জন্য স্বপনকে বললে স্বপন রাজি হননি। এতে তাঁরা ক্ষুব্ধ হয়ে স্বপনকে শায়েস্তা করতে এ ঘটনা সাজান।হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিমলেন্দু চক্রবর্তী বলেন, ‘স্বপনের লাশের ময়নাতদন্তের প্রতিবেদন এখনো আমরা পাইনি। প্রাথমিক তদন্তে ধর্ষণের বিষয়টি সাজানো বলে মনে হয়েছে।’