বিনা দোষে কারাভোগ শেষে মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাইয়ের বদলে বিনা দোষে অন্য ভাই এক বছরেরও বেশি সময় জেলের ঘানি টেনেছেন। অবশেষে গতকাল সন্ধ্যায় তিনি মাদারীপুর জেলা কারাগার থেকে ছাড়া পেয়েছেন। মামলার বিবরণ ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার হাজিরহাওলা গ্রামের হাকিমউদ্দিন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদারকে শিবচর থানার একটি ডাকাতি মামলায় ২০০৭ সালে মাদারীপুর যুগ্ম দায়রা জজ প্রথম আদালত ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই পরোয়ানার ভিত্তিতে পুলিশ ফারুক হাওলাদারের সৎ ভাই হারুন হাওলাদারকে (৫৫) গ্রেপ্তার করে। গত বছরের ১১ জুন তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পরের দিন মাদারীপুর কারাগারে পাঠানো হয়। সেই থেকে হারুন হাওলাদার বিনা দোষে কারাভোগ করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘ আইনি প্রক্রিয়া চলে।মাদারীপুর আদালতের আইনজীবী খলিলুর রহমান জানান, গত বছরের ১৯ আগস্ট হলফনামাযোগে আদালতকে জানানো হয়, আটককৃত হারুন হাওলাদার এবং সাজাপ্রাপ্ত আসামি এক ব্যক্তি নন। গত ১০ এপ্রিল কারা-তত্ত্বাবধায়কের মাধ্যমে পুলিশ সুপারের কাছে আবেদন করা হলে তদন্তে প্রমাণিত হয় যে কারাবন্দী হারুন হাওলাদার নির্দোষ।মাদারীপুর আদালতের সরকারি কৌঁসলি (পিপি) সুজিত চ্যাটার্জি জানান, এক ভাইয়ের পরিবর্তে বিনা দোষে অন্য ভাইয়ের এত দিন কারাভোগ অত্যন্ত দুঃখজনক। হারুন হাওলাদারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে পুলিশ দীর্ঘ তদন্ত শেষ করেছে। ওই তদন্ত প্রতিবেদনসহ গতকাল নির্দোষ হারুন হাওলাদারের মুক্তি চেয়ে আদালতে আবেদন করা হলে আদালত তাঁকে নিষ্কৃতি দেন।