বিনা নোটিশে সাতটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) বিরুদ্ধে নোটিশ না দিয়ে সাতটি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের জমিতে বসবাসকারী ভূমিহীন পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়।
পবিসের মঠবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সঞ্জয় কুমার রায় জানান, বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের বর্ধিত অংশের কাজ শিগগির শুরু হবে। তাই জেলা সমন্বয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, অবৈধভাবে বসবাসকারী ওই পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে। তিনি দাবি করেন, পরিবারগুলোর কাছে ২০০৮ সাল থেকে একাধিকবার উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু তিনি এ-সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
গতকাল দুপুরে সরেজমিন দেখা গেছে, পবিসের কর্মকর্তারা উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের জায়গা থেকে সাতটি পরিবারের বসতঘর ভেঙে ফেলছে। থাকার বিকল্প জায়গা না পেয়ে পরিবারগুলোর সদস্যরা খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে। ওই জমিতে পাঁচ বছর আগে ঘর তুলেছিলেন সাজেদা বেগম (৩৫)। তিনি বলেন, ‘হঠাৎ বিদ্যুতের লোকজন পুলিশ লইয়া আমগো ঘর ভাঙা শুরু হরে। বুড়া মায়রে লইয়া এহন কোথায় থাকমু?’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জানান, উচ্ছেদ হওয়া প্রতিটি পরিবারগুলোকে বিকল্প স্থানে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।