বিনা পারিশ্রমিকে ছয় বছর পাঠদানের পর...
বিদ্যালয়শূন্য গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে, জমির সংকট। গ্রামের শিক্ষানুরাগীদের সিদ্ধান্ত, যাঁরা জমি দান করবেন—তাঁদের পরিবারের সদস্যদের মাঝ থেকে যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা শিক্ষক হবেন। সেই সিদ্ধান্তে গ্রামের পাঁচ ব্যক্তি বিদ্যালয়ের জন্য ৩২ শতক জমি দান করেন। যেখানে প্রতিষ্ঠা হয় ঈশ্বরবা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে জমিদানকারী পাঁচ পরিবারের পাঁচজনকে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। তাঁরা ছয় বছর বিনা পারিশ্রমিকে পাঠদান করে আসছেন। বিদ্যালয়টি অনুমোদনের জন্য সব কাগজপত্র প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জমাও দিয়েছেন।অথচ সেই গ্রামে বিদ্যালয় নেই দেখিয়ে আগের বিদ্যালয়ের জমিতেই নতুন আরেকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে সরকারিভাবে। যদিও প্রকল্পের নীতিমালায় রয়েছে, যে গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই, সেখানে করা হবে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ আলী জানান, ২০০৬ সাল থেকে বিদ্যালয়ে পাঠদান চলছে। সেমিপাকা ভবনে শ্রেণীকক্ষে আছে চারটি। বর্তমানে ১৫৫ জন শিক্ষার্থী রয়েছে। তিনি আরও জানান, চলতি বছর হঠাৎ করে তাঁরা জানতে পারেন, তাঁদের প্রতিষ্ঠিত বিদ্যালয়ের জমিতেই সরকারের এক হাজার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। ইতিমধ্যে ভবনের কাজ শুরু হয়েছে। দেখানো হয়েছে এখানে কোনো বিদ্যালয় নেই। মহাপরিচালকের বরাবর তাদের নিবন্ধন করা জমির দলিল নিয়ে সেখানে নতুন বিদ্যালয় ভবন নির্মাণ করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস পারভীন বলেন, তাঁরা পাঁচ নারী ছয় বছর এখানে বিনা শ্রমে কাজ করলেন। সরকার এর কোনো মূল্যায়ন করবে না। জমি দান ছাড়াও ভবন নির্মাণসহ নানা কাজে তাঁদের অনেক টাকা ব্যয় হয়েছে। এখন চাকরি হারালে ক্ষতিগ্রস্ত হবেন।এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাক আহমেঞ্চদ জানান, যে বিদ্যালয়ে শিশুদের পাঠদান চলছে সেটি নিবন্ধিত না হওয়ায় ওই গ্রামে বিদ্যালয় আছে তা বলা যাচ্ছে না। আর যাঁরা এত দিন চাকরি করছেন, তাঁদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভেবে দেখবেন।