বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে নয়জন
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরসহ আওয়ামী লীগের অন্তত নয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মনোনয়নপত্র বাতিল হওয়া এবং জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের কারণে এ সম্ভাবনা দেখা দিয়েছে। ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তা চূড়ান্ত করা হবে। গতকাল বৃহস্পতিবার রাতে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের কাছ থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এদিকে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা গেছে, প্রার্থীদের মনোনয়নপত্রে বড় ধরনের ভুল-ত্রুটি না থাকলে যাচাই-বাছাইয়ে তা বাতিল না করতে সরকারের বিভিন্ন মহল থেকে জেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তাদের বলা হয়েছে।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও গতকাল একক প্রার্থী হিসেবে রয়ে যান বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। জেলা প্রশাসক ইসমাইল হোসেন জানান, গতকাল স্বতন্ত্র প্রার্থী মমিন উল্লা পাটওয়ারী (বীর প্রতীক) তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এবং স্বতন্ত্র প্রার্থী ইকবাল বিন বাশারের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হয়ে যায়। চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরও একক প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পথে।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম নির্বাচিত হতে চলেছেন। জাতীয় পার্টির প্রার্থী মো. ইলিয়াছ মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করায় জাফর আলমই এ আসনে একমাত্র প্রার্থী।
গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাগেরহাট-১ (মোল্লাহাট-ফকিরহাট-চিতলমারী) আসনের আওয়ামী লীগের বর্তমান সাংসদ শেখ হেলাল উদ্দিন ও বাগেরহাট-২ (বাগেরহাট সদর-কচুয়া) আসনের আওয়ামী লীগের বর্তমান সাংসদ মীর শওকাত আলী নিজ নিজ আসনে একমাত্র বৈধ প্রার্থী। এ দুই আসনে অন্যান্যের মনোনয়নপত্র বাতিল হওয়ায় তাঁরা এখন বিজয়ের পথে।
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে তিন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ একক প্রার্থী হিসেবে জিততে চলেছেন।
মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে গতকাল রাজশাহীর ছয়টি আসনের মধ্যে তিনটির রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী), রাজশাহী-২ (সদর) ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাছাই শেষ হয়েছে। এর মধ্যে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের জাতীয় পার্টির প্রার্থী প্রকৌশলী শফিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এ আসনে বর্তমান সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী নির্বাচিত হতে যাচ্ছেন।
মুন্সিগঞ্জের তিনটি আসনে ১৫ জনের মধ্যে সাতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মুন্সিগঞ্জ-৩ আসনের ছয়জনের মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনে জয়পুরহাট-২ (আক্কেলপুর-কালাই-ক্ষেতলাল) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হতে যাচ্ছেন।