বিনা প্রতিদ্বন্দ্বিতায় চারজন নির্বাচিত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় ইউনিয়নের একজন সদস্য ও একজন সংরক্ষিত নারী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাঁদের নির্বাচিত ঘোষণা করেন। ষষ্ঠ দফায় আগামী ৪ জুন গফরগাঁওয়ের ১৫টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন যশরা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ফেরদৌসী খানম ও একই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নূর জাহান।
পঞ্চগড় উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মতিয়ার রহমান ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (২, ৩ ও ৭) সদস্য পদে ফেন্সী আকতার প্রধান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে পাঁচজন মনোনয়নপত্র জমা দেন। চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে মতিয়ার রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (২, ৩ ও ৭) সদস্য পদে ফেন্সী আকতার প্রধান ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হান্নান বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলার ১০টি ইউপির মধ্যে ৮টিতে নির্বাচন হচ্ছে ২৮ মে। বিলুপ্ত ছিটমহলের নাগরিকদের ভোটাধিকারের জন্য হাফিজাবাদ ও হাড়িভাসা ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়েছে।