ফেনী পৌরসভা নির্বাচনে আরও একজন কাউন্সিলর পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
এ নিয়ে ফেনী পৌরসভায় মেয়র পদপ্রার্থী ১৮টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৬ জন এবং ছয়টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। তাঁরা সবাই আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ফেনী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আমির হোসেন বাহার, ওমর ফারুক ও আরিফুর রহমান ভূঞা মনোনয়নপত্র জমা দেন। গত ৬ ডিসেম্বর যাচাই-বাছাইকালে হলফনামায় স্বাক্ষর না থাকায় আরিফুর রহমান ভূঞার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ সময় আমির হোসেন অপর প্রতিদ্বন্দ্বী ওমর ফারুকের মনোনয়নপত্রের সমর্থক বদরুল আলমের স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ করেন। কিন্তু রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক শুনানি শেষে অভিযোগ খারিজ করে দেন। পরে আমির হোসেন আপিল কর্তৃপক্ষের (জেলা প্রশাসক) কাছে একই অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আপিল শুনানি হয়। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় ওমর ফারুকের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর ফারুকের মনোনয়নপত্র বাতিলের সত্যতা নিশ্চিত করেছেন।
পরশুরাম পৌরসভায় মেয়র ছাড়াও নয়টি সাধারণ ওয়ার্ড ও একটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০ জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় আছেন। এ পৌরসভায় দুটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে এখনো দুজন করে মোট চারজন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।
দাগনভূঞা পৌরসভার আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে পৌরসভার নয়টি সাধারণ ওয়ার্ডের মধ্যে চারটিতে এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডের তিনজন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে। বাকি পাঁচটি সাধারণ ওয়ার্ডে ১৯ জন প্রার্থী আছেন।
ফেনীর এই তিন পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া সব প্রার্থীই আওয়ামী লীগ মনোনীত ও সমর্থিত।