বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিন কাউন্সিলর নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া পৌরসভায় সাধারণ ও সংরক্ষিত নারী ওয়ার্ডে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত এ কে এম মোর্শেদ, ৫ নম্বর ওয়ার্ডে জামায়াত-সমর্থিত হাফেজ আবদুল মালেক ও ২ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে বিএনপি-সমর্থিত হাসিনা আক্তার।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সাতকানিয়া পৌরসভার নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত নারী আসনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে ৩ নম্বর সাধারণ ওয়ার্ডে শুধু এ কে এম মোর্শেদ ও ২ নম্বর সংরক্ষিত নারী আসনে হাসিনা আক্তার কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মো. আরিফুল ইসলাম তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ওই ওয়ার্ডে শুধু হাফেজ আবদুল মালেকই একক প্রার্থী থাকেন।
সাতকানিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, এ কে এম মোর্শেদ, হাসিনা আক্তার ও হাফেজ আবদুল মালেককে নিয়ম মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত ঘোষণা করা হয়েছে।