ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচটি ইউনিয়নে পাঁচ সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এসব ইউপিতে ষষ্ঠ ধাপে ৪ জুন নির্বাচন হওয়ার কথা। উপজেলার বিটেশ্বর ইউপিতে সংরক্ষিত মহিলা সদস্য পদে হোসনেয়ারা বেগম, সাধারণ সদস্য পদে দাউদকান্দি উত্তর ইউপির ৪ নম্বর ওয়ার্ডে পারভেজ আহমেদ ফারুক, সুন্দলপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডে মহসীন, মালিগাঁও ইউপির ১ নম্বর ওয়ার্ডে মো. আনোয়ার হোসেন, পাঁচগাছিয়া ইউপির ২ নম্বর ওয়ার্ডে হুমায়ুন কবীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসেন বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে গত বৃহস্পতিবার চারটি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় এবং দাউদকান্দি উত্তর ইউপির ৪ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় পাঁচ সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।