বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সবাই, জালিয়াতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শিল্প ও বণিক সমিতির ২০১৬-১৮ মেয়াদের নতুন কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে অভিযোগ উঠেছে, চাপ প্রয়োগ ও জালিয়াতির মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।
হবিগঞ্জ শিল্প ও বণিক সমিতির সদস্য সংখ্যা ১৪০০। এর মধ্যে সাধারণ সদস্য ৯২২ ও অ্যাসোসিয়েট সদস্য ৪৭৮ জন। সাধারণ ১২ ও অ্যাসোসিয়েট গ্রুপ থেকে ৬টি মিলে মোট ১৮টি পদ নিয়ে দুই বছর মেয়াদি কার্যকরী কমিটির নির্বাচনের তফশিল ঘোষণা করা হয় গত ৩১ আগস্ট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ সেপ্টেম্বর। ওই দিন সাধারণ সদস্যের ১২ পদের বিপরীতে ১৩ জন ও অ্যাসোসিয়েট সদস্যের ছয়টি পদে ১২ জন মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ৫ অক্টোবর।
অভিযোগ উঠেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখের আগ থেকেই সমঝোতার কথা বলে আওয়ামী লীগের কিছু নেতা ও সমিতির সদস্য সাতজনকে প্রার্থিতা প্রত্যাহারে জন্য চাপ দিতে থাকেন। নির্বাচন পরিচালনা পর্ষদ সূত্রে জানা যায়, ৫ অক্টোবর অ্যাসোসিয়েট গ্রুপের ছয়জন ও সাধারণ গ্রুপের একজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। গত শনিবার রাতে মোতাচ্ছিরুল ইসলামকে সভাপতি, মিজানুর রহমান শামীমকে জ্যেষ্ঠ সহসভাপতি ও দুলাল সূত্রধরকে সহসভাপতি ঘোষণা করে ১৮ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। মোতাচ্ছিরুল ইসলাম হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তবে সাধারণ সদস্য পদপ্রার্থী কাউসার চৌধুরী ও অ্যাসোসিয়েট সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর আলম দাবি করেছেন তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেননি। জালিয়াতির মাধ্যমে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে।
কাউসার আহমেদ গতকাল রোববার বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেননি। স্বাক্ষর জাল করে তাঁর মনোনয়ন প্রত্যাহার দেখানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন পরিচালনা কমিটির কাছে লিখিত আবেদন করেও কোনো কাজ হয়নি। এর মাধ্যমে প্রমাণ হয়েছে নির্বাচন পরিচালনা কমিটির ভূমিকা পক্ষপাতদুষ্ট।
জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি মনোনয়নপত্র প্রত্যাহার করিনি। নির্বাচন পরিচালনা কমিটিকে জানিয়েছিলাম সশরীরে হাজির হয়ে আবেদন না করলে যেন মনোনয়নপত্র প্রত্যাহার করা না হয়। কিন্তু স্বাক্ষর জাল করে আমাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকায় এফবিসিসিআইয়ের কাছে লিখিত অভিযোগ করেছি। পাশাপাশি আইনেরও আশ্রয় নেব।’
এ সম্পর্কে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আলমগীর খান বলেন, ‘৫ অক্টোবর সাতজনের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পেয়েছি। পরে তা কার্যকর করা হয়। এখন দুজন আপত্তি তুলেছেন, তবে তা ঠিক নয়।’
মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করে মোতাচ্ছিরুল ইসলাম বলেন, সুষ্ঠু প্রক্রিয়ায় এই নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৮টি পদের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।