বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন আ.লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। দলের ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় এবং অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।
গতকাল মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইন যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী) সালাহউদ্দিন সুমনের মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, সালাহউদ্দিনের মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা কাগজপত্রে আয়করের তথ্য গোপন করা হয়েছে। এ ছাড়া তাঁর স্বাক্ষরে গরমিল দেখা গেছে। এ কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।
তবে ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাহউদ্দিন বলেন, ষড়যন্ত্রমূলকভাবে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপিল করবেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত খিলপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে দুজন মনোনয়নপত্র দাখিল করেন। তাঁদের একজন হলেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন। অন্যজন হলেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী সালাহউদ্দিন সুমন।
খিলপাড়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন পান যুবদলের উপজেলা কমিটির সদস্য ইকবাল হোসেন। কিন্তু অজ্ঞাত কারণে তিনি মনোনয়নপত্র দাখিল করেননি।