রাজশাহী শিল্প ও বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে ১৪ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার নির্বাচন বোর্ডের সদস্যসচিব গোলাম জাকির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাধারণ সদস্য শ্রেণিতে ১২টি পদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকেরা হচ্ছেন মো. মনিরুজ্জামান, মো. হাসেন আলী, মো. ফরিদ উদ্দিন, মাসুদুর রহমান রিংকু, এস এম এহেসান, মো. আতিকুর রহমান, মো. সাদরুল ইসলাম, মো. আহসান উদ্দিন সরকার, মো. তানজিলুর রহমান, খন্দকার ফয়সাল আহম্মেদ, মো. রফিকুল ইসলাম ও মো. তৌরিদ আল মাসুদ। অপরদিকে ট্রেড গ্রুপে তিনটি পদের বিপরীতে নির্বাচিত দুজন হলেন মুনজুর রহমান পিটার ও এস এম আইয়ুব।
গোলাম জাকির হোসেন বলেন, নির্ধারিত সময়ে সাধারণ সদস্য শ্রেণিতে ১২টি পদের জন্য ১২ জন প্রার্থী থাকায় তাঁদের পরিচালনা পর্ষদের পরিচালক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ট্রেড শাখায় তিনটি পদের জন্য দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আর প্রার্থী না পাওয়ায় ওই দুজনকে পরিচালক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এই ১৪ পরিচালকের মধ্যে থেকে সভাপতি, সহসভাপতি নির্বাচিত হবেন। এ জন্য ৩১ অক্টোবর নির্বাচন হবে।