দশম জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের বৈধ ৪৮ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার নির্বাচন কমিশন তাঁদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে গেজেট জারি করা হবে।
সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী সংসদে প্রতিনিধিত্বশীল দল ও জোটের অনুকূলে বণ্টনকৃত আসনসংখ্যার সমান বা কম হলে প্রত্যাহারের সময়সীমার পরের কার্যদিবসে তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়। গত মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল পাঁচটায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হয়। ওই সময়ের মধ্যে বৈধ ৪৮ জন প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে বৈধ প্রার্থীদের সবাইকে গতকাল বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এই ৪৮ জনের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের ৩৮ জন, জাতীয় পার্টির পাঁচজন, স্বতন্ত্র জোটের তিনজন এবং ওয়ার্কার্স পার্টি ও জাসদের একজন। ৫০ আসনের বিপরীতে ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বিলখেলাপের দায়ে আওয়ামী লীগের সাবিহা নাহার বেগম ও জাতীয় পার্টির খোরশেদ আরা হকের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আপিল করলেও শুনানি শেষে ১৬ মার্চ নির্বাচন কমিশন আপিল নামঞ্জুর করেন।
গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। স্পিকার সদস্যদের শপথ পাঠ করান। বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থানরত স্পিকার শিরীন শারমিন চৌধুরীর ২১ মার্চ দেশে ফেরার কথা। শপথের পরই নারী সাংসদেরা অধিবেশনে যোগ দিতে পারবেন। দশম সংসদের প্রথম অধিবেশন চলবে আগামী ৩ এপ্রিল পর্যন্ত।
৪৮ জনের গেজেট প্রকাশের পরবর্তী ২১ দিনের মধ্যে বাকি দুটি সংরক্ষিত আসনের জন্য নতুন করে তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।
আওয়ামী লীগের ৩৮ জন: সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আওয়ামী লীগের ৩৮ সাংসদ হলেন সেলিনা জাহান, সফুরা বেগম, হোসনে আরা লুৎফা, উম্মে কুলসুম, বেগম আখতার জাহান, সেলিনা বেগম, সেলিনা আখতার বানু, লায়লা আরজুমান বানু, শিরিন নাঈম, কামরুল লায়লা, হেপী বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, লুৎফুন নেছা, মমতাজ বেগম, তারানা হালিম, মনোয়ারা বেগম, মাহ্জাবিন খালেদ, ফাতেমা জোহরা, দিলারা বেগম, ফাতেমা তুজ্জহরা, ফজিলাতুন নেসা, পিনু খান, সানজিদা খানম, নিলুফার জাফর উল্লাহ, রোকসানা ইয়াসমিন, নাভানা আক্তার, আমাতুল কিবরিয়া চৌধুরী, শামছুন নাহার বেগম, ফজিলাতুন নেসা বাপ্পি, ওয়াসিকা আয়শা খান, জাহান আরা বেগম, ফিরোজা বেগম, আমিনা আহমেদ, সাবিনা আক্তার, রহিমা আখতার, হোসনে আরা বেগম, কামরুন নাহার চৌধুরী।
অন্য ১০ জন: জাতীয় পার্টির পাঁচজন হলেন বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরী, মাহজাবীন মোরশেদ, মেরিনা রহমান, রওশন আরা মান্নান ও শাহানারা বেগম।
স্বতন্ত্র জোটের তিনজন হলেন কাজী রোজী, নূরজাহান বেগম ও উম্মে রাজিয়া। ওয়ার্কার্স পার্টির হাজেরা খাতুন ও জাসদের লুৎফা তাহের।