বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচনের বিধান বৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো সংসদীয় আসনে একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণাবিষয়ক গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ১৯ ধারার বৈধতা নিয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট৷ গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ রায় দেন৷
ঘোষিত রায়ে আদালত বলেছেন, যদি কোনো আইন সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হয়, কেবল তখনই সুপ্রিম কোর্ট ওই আইন বাতিল ঘোষণা করতে পারেন৷ আরপিওর ১৯ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়৷ বর্তমান আইনিকাঠামোতে দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জনের নির্বাচিত হওয়ার বৈধতা নিয়ে প্রশ্নের সুযোগ নেই৷
একই সঙ্গে আদালত আরপিওতে ‘না’ ভোটের বিধান সংযোজনের নির্দেশনা চেয়ে করা অপর রিট আবেদনও খারিজ করে দিয়েছেন৷ রায়ে বলা হয়, আরপিওতে ‘না’ ভোটের বিধান যুক্ত করার প্রয়োজনীয়তা আছে কি না, সে বিষয়ে সংসদ সিদ্ধান্ত নেবে৷
রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘এ রায়ের মাধ্যমে একটি বহুল বিতর্কিত বিষয়ের নিষ্পত্তি হয়েছে বলে আমি মনে করি৷ এখন আর ১৫৪ জনের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ আছে বলে মনে করি না৷ হাইকোর্টের এ রায়ের পর তাঁদের নির্বাচনের বৈধতা নিয়েও আর কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই৷’
অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আদালত এ মর্মেও রায় দিয়েছেন যে, আরপিওতে কোনো কিছু সংযোজন বা বিয়োজন করার সম্পূর্ণ এখতিয়ার সংসদের৷’
১৯ ধারার বৈধতা নিয়ে রিট আবেদনকারীর আইনজীবী হাসান এম এস আজিম জানান, রায়ের প্রত্যায়িত অনুলিপি পাওয়ার পর মক্কেলের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে৷
১৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খন্দকার আবদুস সালামের করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টের একই বেঞ্চ রুল দেন৷ রুলে ধারাটি কেন সংবিধানপরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়৷ এরপর ১২ মার্চ অ্যামিকাস কিউরি (আদালতকে আইনি সহায়তাকারী) হিসেবে মতামত দিতে জ্যেষ্ঠ সাত আইনজীবীসহ আটজনের নাম ঘোষণা করেন আদালত৷
এর আগে গত নভেম্বরে আরপিওতে ব্যালটে ‘না’ ভোটের বিধান সংযোজনের নির্দেশনা চেয়ে দুই আইনজীবী একটি রিট করেন৷ এটি বাস্তবায়নে আরপিওতে সংশোধনী আনতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত ২৪ নভেম্বর রুল দেন৷ রিট দুটির ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত তা খারিজ করে রায় দেন।
অ্যামিকাস কিউরিদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম, আজমালুল হোসেন কিউসি ও রোকনউদ্দিন মাহমুদ আরপিওর ১৯ ধারা বৈধ বলে মত দেন৷ অপর অ্যামিকাস কিউরি ড. কামাল হোসেন, রফিক-উল হক ও বদিউল আলম মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার বিপক্ষে মত দেন৷ মওদুদ আহমদ ‘ব্যক্তিগত কারণে’ শুনানিতে অংশ নেননি৷ আর এম আমীর-উল ইসলাম দেশে না থাকায় তাঁর মতামত পাওয়া যায়নি।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন৷ নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী তৌহিদুল ইসলাম, আবদুস সালামের পক্ষে আইনজীবী হাসান এম এস আজিম, অপর রিটের পক্ষে আইনজীবী রেদোয়ান আহমেদ রানজীব শুনানি করেন৷