বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেনীতে আরও এক কাউন্সিলর নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে আরও একজন পৌর কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। গতকাল রোববার সকালে মনোনয়নপত্র বাছাইকালে ফেনী পৌরসভার ৬ নম্বর সুলতানপুর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী হাফিজুর রহমানের মনোনয়নপত্র ঋণখেলাপি থাকায় বাতিল করা হয়। এই ওয়ার্ডে যুবদল থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী মো. আতিক উল্যা ফয়সল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলছেন।
এ নিয়ে ফেনী সদর, পরশুরাম, দাগনভূঞাসহ তিনটি পৌরসভায় একজন মেয়র ও ৩৪ জন ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। তাঁদের সবাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক বলেন, ঋণখেলাপি হওয়ায় ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাফিজুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি জানান, ফেনী পৌরসভায় ১৮টি সাধারণ কাউন্সিলর পদের ১৩ জন এবং ৬টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মধ্যে চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।
দাগনভূঞা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা খানম জানান, দাগনভূঞা পৌরসভার চারটি সাধারণ ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডে একজন করে মোট সাতজন কাউন্সিলর প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বাকি পাঁচটি সাধারণ ওয়ার্ডের ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১ নম্বর ওয়ার্ডে ১০ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে একজন হলফনামা জমা না দেওয়ায় এবং অপর দুজন হলফনামায় তথ্য গোপন করায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কোনো বৈধ প্রার্থী তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার না করলে দাগনভূঞা পৌরসভায় মেয়র ও পাঁচটি সাধারণ ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পরশুরাম পৌরসভায় মেয়র এবং নয়টি সাধারণ ওয়ার্ড ও একটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মোট ১০ জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। এ পৌরসভায় দুটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে দুজন করে মোট চারজন এখন নির্বাচনী মাঠে রয়েছেন।
ফেনীর তিনটি পৌরসভার মধ্যে পরশুরামে মেয়র ও ১০ জন কাউন্সিলর, ফেনী পৌরসভায় ১৭ জন কাউন্সিলর এবং দাগনভূঞায় ৭ জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।